তিতুমীর কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুল হক নামে ছাত্রলীগের এক নেতাও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে ছাত্রদলের ব্যানারে কয়েকজন যুবক তিতুমীর কলেজের মূল ফটকের দিকে মিছিল নিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সাধারণ ছাত্রছাত্রী এবং রাস্তায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বনানী থানার ইন্সপেক্টর (অপারেশন) নাজমুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম বলেন, দেড়টার দিকে কলেজ ছাত্রদলের ব্যানারে সাত-আটজন যুবক কলেজ গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তাঁদের ধাওয়া করে ওয়ারলেস গেটের দিকে নিয়ে গেলে সেখানে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক নুরুল হক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।