তিতুমীর কলেজে ছাত্রী উত্ত্যক্তের জেরে সংঘর্ষ আহত ৪
রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের চার ছাত্র আল আমিন হোসেন (২৩), জাহিদ হোসেন (২৩), মাহফুজ আহমদ (২৪) ও মো. জুয়েল (২৪) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বনানী থানার পুলিশ বলেছে, গতকাল দুপুরে তিতুমীর কলেজ প্রাঙ্গণে কিছু ছাত্র দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় অন্য ছাত্ররা প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী ছাত্ররা তাঁদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। তাঁদের মধ্যে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
হাসপাতালে আহত আল আমিন প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হওয়ার কথা রয়েছে।