তিতুমীর কলেজের ছাত্রাবাসে অভিযান, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে সরকারি তিতুমীর কলেজের ছাত্রাবাস থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজাউল করিম (২২) ও সাইদুল ইসলাম (২৩)। এ সময় ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকটি চাপাতি, রড ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বিকেল তিনটার দিকে তিতুমীর কলেজের শহীদ আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এক ঘণ্টার অভিযানে দুজনকে আটক করা হয়। দুজনই বহিরাগত।

এর আগে আজ সকালে কলেজ চত্বরে বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাঁদের মধ্যে বহিরাগতরাও ছিলেন। পুলিশ গিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখতে চাইলে অনেকে সরে যেতে থাকেন। এ সময় ছাত্রলীগের ছেলেরা কয়েকজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন।