তিতুমীর কলেজের সামনে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুল হক নামে ছাত্রলীগের এক নেতাও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর দেড়টার দিকে ছাত্রদলের ব্যানারে কয়েকজন যুবক তিতুমীর কলেজের মূল ফটকের দিকে মিছিল নিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ ছাত্র-ছাত্রী এবং রাস্তায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

বনানী থানার ইন্সপেক্টর (অপারেশন) নাজমুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেড়টার দিকে কলেজ ছাত্রদলের ব্যানারে ৭-৮ জন যুবক কলেজ গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তাদের ধাওয়া করে ওয়ারলেস গেটের দিকে নিয়ে গেলে সেখানে আরেকটি ককটেল বিস্ফোরণ করে। এতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক নুরুল হক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।