তিতুমীর কলেজের সামনের সড়কে ছাত্রলীগের অবরোধ
রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার মোটরসাইকেল পুলিশ আটক করায় গতকাল বুধবার বিকেলে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপ্লব দুই সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে বারিধারায় যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান তাঁদের থামিয়ে তল্লাশি করেন। তাঁরা কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে বিপ্লব তিতুমীর কলেজে খবর দিলে ছাত্রলীগের একদল কর্মী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরাও পুলিশের সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হন। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কিও হয়। পরে পুলিশ মোটরসাইকেল ছেড়ে দেয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা এসআই মান্নানের শাস্তির দাবিতে বেলা তিনটার দিকে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা এই অবস্থা চলে।
ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, গুলশান থানার এসআই আবদুল মান্নান তাঁদের সাবেক নেতা বিপ্লবের গায়ে হাত তুলেছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, গুলশান থানার এসআই মান্নান এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ এসেছে। তাঁকে প্রত্যাহার করে নেওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তা থেকে সরে যান।