তিতুমীরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৫
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র গোলাম কিবরিয়া (২২), ইতিহাস দ্বিতীয় বর্ষের আবদুল মোতালেব (২১), বাংলা তৃতীয় বর্ষের শাহ আলম (২১), বাংলা দ্বিতীয় বর্ষের মো. আসিফ (২০) ও মার্কেটিং দ্বিতীয় বর্ষের মো. আয়নাল (২০)। চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেছেন। তবে কলেজ ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা এর বিরোধিতা করছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসে ঢুকে আন্দোলনকারী ছাত্রদের মারধর করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম, বহিষ্কৃত নেতা মানিক, অপু, সানি, দিদারসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ছাত্রাবাসের বিভিন্ন কক্ষের দরজা আটকিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পেটান। পরে সহপাঠীরা উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মারধরের অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। ছাত্রাবাসে বিভিন্ন অঞ্চল-ভিত্তিক ছাত্রদের মধ্যে সমস্যা থাকতে পারে। এ জন্য হয়তো কিছু ঘটে থাকতে পারে।
কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসেরও হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে কলেজের ছাত্রাবাস থেকে পুলিশের এক অভিযানে রেজাউল করিম (২২) ও সাইদুল ইসলামকে (২৩) আটক করা হয়। এ সময় ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকটি চাপাতি, রড ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, আটক দুজনই ছিলেন বহিরাগত।