তিন আদিবাসী গ্রামে হামলা, বাড়িঘর দোকানপাট ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের সুড়িদাসপাড়ায় দুর্বৃত্তদের কেটে ফেলা আনারসখেতে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন খেতের মালিক (বাঁয়ে)। একই স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাড়ি ও ধানের গোলা। পোড়া ধানে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন গৃহবধূ চঞ্চলা দেবী চাকমা l প্রথম আলো
রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের সুড়িদাসপাড়ায় দুর্বৃত্তদের কেটে ফেলা আনারসখেতে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন খেতের মালিক (বাঁয়ে)। একই স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাড়ি ও ধানের গোলা। পোড়া ধানে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন গৃহবধূ চঞ্চলা দেবী চাকমা l প্রথম আলো

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে গতকাল মঙ্গলবার আদিবাসীদের তিনটি গ্রামে হামলার ঘটনা ঘটেছে। বাঙালিদের বাগানের চার লাখ আনারসের গাছ ও ২০ হাজার সেগুনগাছের চারা নষ্ট করার অভিযোগে এই হামলা হয়েছে বলে প্রশাসনসহ স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৪ মাইল নামের এলাকায় এক কিলোমিটারের মধ্যে পাশাপাশি তিনপাড়া সুরিদাসপাড়া, ক্যাম্পপাড়া ও আমতলা। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় সাতটি বাঙালি পরিবার বেশ কিছু আনারসের বাগান গড়ে তুলেছে। গত রোববার রাতের বেলায় কে বা কারা এই বিপুল আনারসের গাছ কেটে ফেলে। বাঙালিরা এর জন্য আদিবাসীদের সম্পৃক্ততার অভিযোগ আনেন।
জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, বাঙালিদের কমপক্ষে চার লাখ আনারসের গাছ নষ্ট হয়েছে। আর বাঙালিদের হামলায় আদিবাসীদের সাতটি দোকান এবং ১০-১২টি বসতবাড়ি ও কিছু জুমঘরে আগুন লেগেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৩ ব্যক্তি। এঁদের তাৎক্ষণিক এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
তবে আদিবাসীদের দাবি, তিন গ্রামের কমপক্ষে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। করুণা বনবিহার নামের একটি বৌদ্ধমন্দিরেও হামলার ঘটনা ঘটেছে।
বাঙালিদের হামলা সম্পর্কে বুড়িঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বগাছড়ি গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, সেগুন ও আনারসের গাছের ব্যাপক ক্ষতি দেখে বাঙালিরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
ক্ষতিগ্রস্ত দোকানি লক্ষ্মীরিতা চাকমা এবং সুরিদাসপাড়ার গ্রামের প্রধান রাম কার্বারি, গ্রামবাসী সঞ্জীব চাকমা ও লেহকুমার চাকমা জানান, তাঁরা জানতেন না বাঙালিদের আনারসের বাগান নষ্ট করা হয়েছে। হঠাৎ হামলার কারণে তাঁদের পক্ষে কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি। গতকাল সকাল সাড়ে আটটা থেকে নয়টার দিকে পাঁচ শতাধিক বাঙালি এই হামলা চালায়।
দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মূল সড়কের কাছাকাছি অন্তত পাঁচটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনে জ্বলতে থাকা ধানের গোলার পাশে চিৎকার করে কাঁদছিলেন চঞ্চলাদেবী চাকমা (৩৮)। তিনি বলেন, ‘কমপক্ষে ৫০০ আড়ি ধান (এক আড়িতে ১০ সের) পুড়ে গেছে। জমি থেকে নতুন তোলা এ ধান এখনো আমরা খাওয়াই শুরু করিনি। এখন কীভাবে আমাদের সংসার চলবে?’
করুণা বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ ওগাসা ভিক্ষু জানান, হামলাকারীরা মন্দিরে থাকা সাতটি পিতলের বৌদ্ধমূর্তি নিয়ে গেছে। এ সময় মন্দিরঘর এবং সিমেন্ট ও কঙ্কর দিয়ে তৈরি বুদ্ধমূর্তি ভাঙচুর করা হয়েছে।
জেলা প্রশাসক, পুলিশ সুপার আমেনা বেগম, সেনাবাহিনীর নানিয়ারচর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এক সংক্ষিপ্ত সভায় তাঁরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ এক লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন, কম্বলসহ ত্রাণসামগ্রী দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোস্তফা কামাল।
ঘটনার পরপরই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি পৃথক বিবৃতিতে আদিবাসী গ্রামে হামলার নিন্দা জানিয়েছে।