তিন আসামি গ্রেপ্তার, ১০ অস্ত্রের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সবুজ হোসেন নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে সংঘর্ষে ব্যবহৃত শটগানসহ স্থানীয় কয়েক নেতার নামে থাকা ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
গত শনিবার জাতীয় শোক দিবসে র্যা লি শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোমিনুর রহমান মমিজের সমর্থকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন সবুজ। গত রোববার তাঁর ভাই আরিফ হোসেন ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
সাব্বিরুল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত দুজন কামাল হোসেন (৫০) ও ইমরান (২৪) এবং সন্দেহভাজন হিসেবে টুটুল নামের আরেকজনকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতে তুলে তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের শুনানি পরে হবে। সংঘর্ষের সময় গুলি ছোড়া যুবকসহ অন্যদের ধরতে জেলা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান ওসি।