তিন উপজেলায় ১৬৩ জনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় দুই বছরে ১৬৩ জন লোক আত্মহত্যা করেছেন। পুলিশের দেওয়া এক পরিসংখ্যানে এ তথ্যটি পাওয়া গেছে। আত্মহত্যার প্রবণতা রোধে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের কুলাউড়া সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত কুলাউড়া সার্কেলের আওতাধীন কুলাউড়ায় ৮৪, জুড়ীতে ৩১ এবং বড়লেখায় ৪৮ জন লোক আত্মহত্যা করেছেন। এর মধ্যে ফাঁসিতে ঝুলে ও বিষপানে ৯০ জন আত্মহত্যা করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা সৃষ্টিতে জুন মাসে তিন উপজেলার সব মসজিদের ইমামের কাছে চিঠি পাঠান। চিঠিতে আত্মহত্যার বিভিন্ন কারণ ও কুফল তুলে ধরা হয়। জুম্মার নামাজের সময় খুতবায় তা নিয়ে মুসল্লিদের বোঝানো হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুলাউড়া ডিগ্রি কলেজে আত্মহত্যার প্রবণতা রোধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ, কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আবু ইউছুফ প্রথম আলোকে বলেন, বিভিন্ন আত্মহত্যার ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক অস্থিরতা, পারিবারিক কলহ, মাদক, হতাশা, পারস্পরিক সহমর্মিতার অভাব ও হতাশার কারণে এসব ঘটনা বেশি ঘটছে। আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপকের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।