তিন কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে জালিয়াতির অভিযোগে গত রোববার রাজধানীর ডেমরার গোলাম মোস্তফা কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন কামরুল ইসলাম, মো. হাসান ও নাজমুল হক।
ডিবি জানিয়েছে, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে জালিয়াতির ঘটনা ঘটত। শিক্ষকেরা ছাত্রদের হাতে প্রশ্নপত্র দিয়ে তা সমাধানে সাহায্য করতেন। এভাবে গোলাম মোস্তফা কলেজের শিক্ষকেরা ছাত্রদের ভালো ফল করিয়ে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর চেষ্টা করেন।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, কলেজটির অধ্যক্ষ শামীম শিকদার এ কার্যক্রমের মূল হোতা। তাঁর পরিকল্পনাতেই পরীক্ষার দুই ঘণ্টা আগে শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দিয়ে তা সমাধান করে দিতেন শিক্ষকেরা। সেই অধ্যক্ষকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যশোরে কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যশোর থেকে ছয় ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিবি। এঁরা হলেন সুমন আহমেদ, আবদুর রহমান, লিটন, এসএম তানভীর আলম রিজভী, জনি রহমান ও আরাফাত হোসেন। এঁরা ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করে তা বিনা মূল্যে ফেসবুকে বন্ধুদের মাঝে বিতরণ করতেন। তবে এঁরা কোত্থেকে প্রশ্ন পেয়েছিলেন, এখন পর্যন্ত তা জানা যায়নি।