তিন কলেজছাত্র মিলে খুন করেন ব্যবসায়ী গিয়াসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সাবলীলভাবে খুনের বর্ণনা দিচ্ছিলেন তানভীর। শুনে যে কেউ মনে করবেন, বোধ হয় কোনো চলচ্চিত্রের কাহিনি বর্ণনা করছেন বন্ধুদের কাছে। হাতকড়া পরা থাকায় শুধু হাতটা টেবিলের নিচে লুকিয়ে রেখেছেন।

বাংলাদেশ নৌবাহিনী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর আহম্মেদ (১৮) এবং তাঁর দুই বন্ধু সালমান ইসলাম ওরফে মুক্ত (১৮) ও আকিবুল ইসলাম ওরফে জিসানকে (১৮) মিরপুরের ঝুট ব্যবসায়ী গিয়াসউদ্দিনকে হত্যার অভিযোগে গতকাল গ্রেপ্তার করেছে মিরপুর থানার পুলিশ। সালমান ও আকিবুলও ঢাকার দুটি কলেজের ছাত্র। আকিবুলের পরনে তখনো আকাশি রঙের কলেজের শার্ট।

গত রোববার রাতে মিরপু‌রে নিজের বাড়ির পাঁচতলায় খুন হন গিয়াসউদ্দিন (৩৬)। ওই রাতেই পুলিশ হত্যায় সম্পৃক্ত সন্দেহে গিয়াসের স্ত্রী লাভলী ইয়াসমিন ওরফে লিনাকে (২৯) আটক করে। পুলিশ জানায়, লাভলীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ওই তিন কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে তানভীরের সঙ্গে লাভলীর প্রেমের সম্পর্ক। ১৫ অক্টোবর কাজীপাড়া কাজি অফিসে তাঁরা বিয়েও করেন।

আট বছরের মেয়ে ও চার বছরের ছেলের মায়ের সঙ্গে কলেজপড়ুয়া ছাত্রের প্রেম, বিয়ে এবং খুন—পুলিশের এই বর্ণনা ঠিক বিশ্বাস হচ্ছিল না। কথা হয় তানভীরের সঙ্গে। তানভীর জানান, এক বছর ধরে লাভলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। শুরুতে লাভলী বলেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন। লাভলীর ছেলেমেয়েরা তানভীরকে বাবা বলে ডাকে বলেও দাবি তাঁর।

এরপর তানভীর বলেন, ‘যে লোকটা মরছে, ও খুব খারাপ ছিল, বুঝছেন। খালি ওকে (লাভলীকে) টর্চার করত। আপনারা তো এসব লিখেন নাই। আমি টিভিতে দেখছি, কেউ এসব কথা বলে নাই।’

গিয়াসের চাচাতো ভাই জাহাঙ্গীর মাতবর প্রথম আলোকে বলেন, তানভীর নির্যাতনের যে গল্প গিয়াসের বিরুদ্ধে বলেছে, তা ডাহা মিথ্যা। গিয়াস তাঁদের পরিবারের সবচেয়ে শান্ত, ভদ্র মানুষ ছিলেন।

তানভীর আরও দাবি করেন, স্বামীর অত্যাচা‌রে অতিষ্ঠ হয়ে লাভলীই গিয়াসকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য ৩০ হাজার টাকাও দিতে চান। ঈদের আগে তানভীরকে ১০ হাজার টাকা দেন লাভলী। সেই টাকা দিয়ে পরে মোটা কাঠের লাঠি, কয়েকটি টি-শার্ট ও গ্লাভস কেনেন তানভীর। দুই বন্ধু আকিবুল ও সালমানের সঙ্গে সলাপরামর্শ করে তাঁদের ৩০ হাজার টাকার লোভ দেখিয়ে রাজি করান।

তানভীর জানান, রোববার খুনের সিদ্ধান্ত হলেও তিনি সরে যেতে চাচ্ছিলেন। কিন্তু লাভলী খুব চাপ দিচ্ছিলেন ‘ওকে ফিনিশ করে দেওয়ার জন্য’। রোববার দুই বন্ধুকে নিয়ে গিয়াসের ব্যবসাপ্রতিষ্ঠানে যান তানভীর। কিন্তু লাভলী তাঁদের বাসায় যাওয়ার জন্য বলেন।

রাত সাড়ে আটটার দিকে ওই বাসায় ঢোকেন তিনজন। লাভলী লাঠি দিয়ে গিয়াসের মাথার পেছনে এমন জায়গায় সজোরে আঘাত করতে বলেন তানভীরকে, যাতে এক আঘাতেই গিয়াসের মৃত্যু হয়। তিন কলেজছাত্র আগে থেকে কেনা গ্লাভস ও টি-শার্ট পরে বাসায় অপেক্ষা করতে থাকেন। রাত ১০টার পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢোকেন গিয়াস। এর পরে পেছন ফিরে দরজার ছিটকানি লাগানোর সময়ই তানভীর লাঠি দিয়ে সজো‌রে তাঁর মাথার পেছনে আঘাত করেন। এরপর তিনজন মিলে জাপটে ধরে কিল-ঘুষি মারা শুরু করেন। গিয়াস তখনো বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তখন লাভলী বলেন, ‘ও তো মরছে না। ওকে ফিনিশ করো। গলা চিপে ধরো’। লাভলী সোফার কুশন এনে দেন শ্বাসরোধ করে মারার জন্য। মৃত্যু নিশ্চিত করে সালমান ও আকিবুল পোশাক পাল্টে বাসা থেকে বের হয়ে যান। এরপর তানভীর বোরকা পরে বাসা থেকে বের হন। ঘটনাটিকে ডাকাতির রূপ দিতে তাঁরা বাসার জিনিসপত্র এলোমেলো করে রাখেন। লাভলীর দুই শিশুসন্তানকে গিয়ে ভয়ভীতি দেখান সালমান ও আকিবুল।

তানভীর জানান, হত্যা শেষে তিনি লাঠি, গ্লাভস, টি-শার্ট নর্দমায় ফেলে দিয়ে বাসায় চলে যান। তবে রাতে ঘুমাতে পারেননি। কেঁদেছেন। টিভিতে খবর দেখেছেন। এর পরদিন যখন তিনি শুনলেন, পুলিশ লাভলীকে ধরেছে, তখন তিনিও থানার সামনে এসে দাঁড়ান। পরপর দুই দিন থানার সামনে ঘুরেফিরে কাটিয়েছেন তিনি। ভয় লাগেনি? প্রশ্ন করলে তানভীর বলেন, ‘ওকে আমি খুব লাভ করি (ভালোবাসি)। ও আমার কথা কখনোই বলবে না, এই বিশ্বাস ছিল। সে জন্যই থানার সামনে এসেছিলাম।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দীন খান বলেন, গতকাল মিরপুরের বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাত ১০টায় তাঁদের নিয়ে অভিযানে নেমে মিরপুর ১০ নম্বরের একটি নর্দমা থেকে খুনের সময় ব্যবহার করা একটি ছুরি, লাঠি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।