রংপুরের পীরগঞ্জে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন কলেজছাত্রসহ চারজনকে আটকের আট ঘণ্টা পর থানার হাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষের নির্দেশে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ওই ছাত্রদের পরীক্ষার কেন্দ্র থেকে আটক করে থানার হাজতে রাখে। ওই চারজনকে বহিষ্কারও করা হয়েছে।
ওই ছাত্ররা হলেন চতরা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শামীম মিয়া, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসাইন ও জামিরুল ইসলাম এবং ইকলিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসিতে অকৃতকার্য ছাত্র মোহাম্মদ আলী।
পুলিশ ও জেএসসি পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, ওই চার ছাত্র চলতি জেএসসি পরীক্ষায় কুমারপুর নিম্নœমাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে চতরা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। খবর পেয়ে ইউএনও কমল কুমার ঘোষ তাৎক্ষণিক ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে গত মঙ্গলবার ওই চার ছাত্রকে বহিষ্কার ও আটকের নির্দেশ দেন। এরপর তাঁদের থানা হাজতে রাখা হয়।
শামীম ও নাজমুল বলেন, কুমারপুর নিম্নœমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগমের অনুরোধে তাঁরা না বুঝে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর তাঁর বিদ্যালয়ের জেএসসির ফলাফল ভালো দেখাতে ও শিক্ষকদের বেতন-ভাতা ঠিক রাখতে ওই ঘটনা ঘটিয়েছেন। কোহিনুর বলেন, ‘আমি জানতাম না তাঁরা (আটক চারজন) কলেজে পড়াশোনা করেন। তাঁরা আমাকে বলেছিলেন, তাঁদের জেএসসির সার্টিফিকেট দরকার। তাই ভর্তি করে নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম। শিক্ষকদের বেতন-ভাতা ঠিক রাখার জন্য পরীক্ষা দেওয়ানোর অভিযোগ সঠিক নয়।’
ইউএনও কমল কুমার ঘোষ বলেন, ওই চার ছাত্র ভুয়া পরীক্ষার্থী নয়। জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার বৈধ কাগজপত্র তাঁদের কাছে ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।