তিন কানুনগোসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় ঢাকা জেলা প্রশাসনের তিন কানুনগোসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন ওই অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন ঢাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো আলী হোসেন, সাবেক কানুনগো গাজী রবিউল আউয়াল, মো. হানিফ মিয়া, সাবেক অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা আ. বারী ও ঢাকার উত্তরা থানার বাইলজুরী মৌজার মো. রজব আলী। দুদকের সূত্র বলেছে, উত্তরা থানার বাইলজুরী মৌজার আড়াই শতাংশ জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের মোট ৮২ হাজার ৮৪৮ টাকার মধ্যে ৬৯ হাজার ৩৩৯ টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগ মামলার তদন্তে প্রমাণ হয়েছে।