র্যা ব বলছে, যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় নারী হোটেলকর্মী ছায়া খাতুনকে তিন কিশোর মিলে হত্যা করে। ওই তিন কিশোরকে আটক করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলন করে এসব দাবি করে র্যা ব।
আটক তিনজন হলো যশোরের বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের মফিজুর রহমান (১৭), যশোর সদর উপজেলার সাবলাট গ্রামের পারভেজ (১৫) ও ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের আল আমিন (১৪)। তিনজনই যশোর শহরের নড়াইল বাসস্ট্যান্ডে বাসের সহকারী হিসেবে কাজ করে। তারা পরস্পরের বন্ধু।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ মে রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে মফিজুরকে আটক করে র্যা ব। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুজনকে আটক করা হয়। আটক তিনজনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার সময় ছায়ার মুখ চেপে ধরে আল আমিন। পারভেজ তাঁর শরীর জাপটে ধরে। আর মফিজুর ছুরি চালায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
র্যা ব কর্মকর্তা রাব্বি হাসান গতকাল বিকেলে বলেন, আটক হওয়া তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ছায়া হত্যা মামলায় এ তিনজনকে এজাহারভুক্ত করতে পুলিশকে বলা হবে।
গত ২৩ এপ্রিল যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ-সংলগ্ন একটি খাবারের হোটেলের ভেতর থেকে ছায়া খাতুনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ছায়া ওই হোটেলে কাজ করতেন। রাতে হোটেলের একটি কক্ষে ঘুমাতেন। তাঁর বাড়ি শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে। এ ঘটনায় নিহত ছায়ার বাবা ইমান আলী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। হত্যায় জড়িত সন্দেহে হোটেলের মালিক মফিজুর রহমান ও তাঁর স্ত্রী নাসিমা খাতুনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।