তিন কিশোর মিলে খুন করে ছায়াকে: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকার হোটেলের কর্মী ছায়া খাতুন (২২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন কিশোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-(র‌্যাব-৬)। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

তিন কিশোরই যশোর শহরের নড়াইল বাস স্ট্যান্ডে বাসের সহকারীর কাজ করে। তারা বন্ধু।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার (উপপরিচালক) মো. রাব্বি হাসান প্রথম আলোকে বলেন, আটক তিনজনের মধ্যে দুজনের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল। একপর্যায়ে ছায়া তাদের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষুব্ধ হয়ে তিনজনে মিলে ছায়াকে ছুরি দিয়ে হত্যা করে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ৫ মে রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার (উপপরিচালক) মো. রাব্বি হাসান বিকেল সাড়ে পাঁচটায় বলেন, ‘আটককৃত তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের নাম যাতে হত্যা মামলায় এজাহারভুক্ত করা হয়, পুলিশকে সেভাবে বলা হবে।’

গত ২৩ এপ্রিল যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ-সংলগ্ন খাবারের একটি হোটেলের ভেতর থেকে ছায়া খাতুনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই হোটেলে কাজ করতেন। রাতে হোটেলের একটি কক্ষে ঘুমাতেন। তাঁর বাড়ি শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে।

এ ঘটনায় নিহত ছায়ার বাবা ইমান আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে হোটেলের মালিক মফিজুর রহমান, তাঁর স্ত্রী নাসিমা খাতুনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।