তিন কোটি টাকার যন্ত্র কেনা হলো ১০ কোটিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২ কোটি ৮০ লাখ টাকার এমআরআই মেশিন (মস্তিষ্কের অবস্থা নির্ণয়ের যন্ত্র) কেনা হয়েছে প্রায় ১০ কোটি টাকায়। একইভাবে চারটি কালার ড্রপলার মেশিন (হৃদ্‌যন্ত্র ও রক্তনালির অবস্থা নির্ণয়ের যন্ত্র) কিনতে ব্যয় করা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। অথচ এসব যন্ত্রের বাজারমূল্য ৯৮ লাখ টাকা। হাসপাতালের চিকিৎসাসরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি এই জালিয়াতি উদ্‌ঘাটন করেছে।

২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৫ সালে এসব যন্ত্রপাতি দরপত্রের মাধ্যমে কেনা হয়েছিল। ২০১৪ সালের ৬ জুন পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হওয়া বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়।

যন্ত্রপাতি কেনাকাটায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ (বাবলু) সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে আহ্বায়ক ও সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে সদস্যসচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অপর সদস্য হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।

এর আগে গত বছরের অক্টোবরে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নিরীক্ষণ দল জেনারেল হাসপাতাল পরিদর্শন করে। হাসপাতালের জন্য কেনা এমআরআই মেশিন বাজারদর যাচাই ছাড়া বেশি দামে কেনা হয়েছে বলে নিরীক্ষণ দল প্রতিবেদন দেয়। এতে বলা হয়, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি ভঙ্গ করা হয়েছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। গত ফেব্রুয়ারি মাসে নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়া হয়।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘তদন্তে বেশ কিছু অনিয়ম প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে দর নিয়ে দেখেছি। অনেক বেশি দামে বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। তবে বিষয়গুলো আমাদের সদস্য ফয়সাল (ফয়সাল ইকবাল চৌধুরী) সাহেব ভালো বলতে পারবেন।’

যন্ত্রপাতি কেনার সময় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন তখনকার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী। চিকিৎসাযন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘সর্বনিম্ন দরদাতাকে আমরা কার্যাদেশ দিয়েছি। এখন কীভাবে দুর্নীতি হলো? এমআরআই মেশিন বসাতে উপকৃত হচ্ছে জনগণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিন নষ্ট। যদি দুর্নীতি হতো, তাহলে মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কি চুপ থাকত? তারা নিশ্চয় বিষয়গুলো তদন্ত করত। স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোকজন এসে যন্ত্রপাতি পরীক্ষা করে যাওয়ার পর বিল পরিশোধ করা হয়েছে। এখন যেগুলো করা হচ্ছে, সেগুলো কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য।’

তদন্ত কমিটি সূত্র জানায়, চীনের বাজদা (BASDA) কোম্পানির এমআরআই মেশিনটি ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যে জেনারেল হাসপাতালে সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। তদন্ত কমিটি চীনের ওই প্রতিষ্ঠান থেকে নতুন করে এমআরআই মেশিনের দর সংগ্রহ করে। একই ক্ষমতার এমআরআই মেশিনের দর দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার ডলার, যা টাকার অঙ্কে দাঁড়ায় ২ কোটি ৮০ লাখ টাকায়। কোম্পানি নিজে এসে ওই মেশিন সংস্থাপন এবং এর জন্য সংশ্লিষ্ট টেকনোলজিস্টকে প্রশিক্ষণও দেওয়া হবে বলে দরে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির সত্ত্বাধিকারী জাহের উদ্দিন সরকারের বক্তব্য জানতে গত বুধ ও বৃহস্পতিবার মুঠোফোনে বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৫ বছর আগে একই ক্ষমতার এমআরআই মেশিন বসানো হয়েছিল। ১৫ বছর পর কেন জেনারেল হাসপাতালের জন্য পুরোনো ঘরানার মেশিন কেনা হলো? এখানে লুটপাট হয়েছে।

তদন্ত কমিটি কালার ড্রপলার কেনার ক্ষেত্রেও দুর্নীতি খুঁজে পেয়েছে। একই সময়ে চারটি কালার ড্রপলার কেনা হয়েছিল প্রতিটি ৬৫ লাখ টাকা দরে। জাপানের হিটাচি কোম্পানির এই কালার ড্রপলার মেশিনের প্রতিটির দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা। জেনারেল হাসপাতালে চারটি ড্রপলার সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম এএসএল। ওই প্রতিষ্ঠানকে চারটি ড্রপলারের জন্য ২ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসএলের মালিক আফতাব আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মূলত তদন্ত কমিটি হয়েছে এমআরআই মেশিন নিয়ে। ওটা চীনের তৈরি একটি মেশিন। অনেক বেশি দাম দেওয়া হয়েছে। আমি কালার ড্রপলার দিয়েছি কিছুমাত্র বেশি দামে। আমি ভাই এককে বড়জোর দুই করি। এতে করে সব খরচ দিয়ে বড়জোর ১৫ শতাংশ লাভ হয়। কিন্তু অনেকে তিন-চার গুণ বেশি দামে মালামাল সরবরাহ করে।’

এ বিষয়ে ফয়সাল ইকবাল বলেন, বেশি দামে মেশিন কিনে লুটপাট করা হয়েছে। তখনকার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না। ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এই ধরনের জালিয়াতি করা হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় তদন্ত প্রতিবেদনের অগ্রগতি তুলে ধরা হবে। সম্ভব হলে পুরো তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানান তিনি।