তিন কোটি টাকার সুইমিংপুল নষ্ট হচ্ছে অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলটি চার বছর ধরে বন্ধ রয়েছে l প্রথম আলো
যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলটি চার বছর ধরে বন্ধ রয়েছে l প্রথম আলো

যশোরের একমাত্র সুইমিংপুলটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ বিল দিতে না পারায় চার বছর আগে পুলটি বন্ধ হয়ে যায়। অবহেলায় নষ্ট হচ্ছে পুলের বিভিন্ন যন্ত্রপাতি। আর অনুশীলনের ভালো জায়গা না পেয়ে পিছিয়ে পড়ছেন জেলার সাঁতারুরা।

যশোর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শহরের জিরো পয়েন্ট মোড়ে ১৬ শতক জমির ওপর ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সুইমিংপুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০০৮ সালে এর নির্মাণকাজ শেষ হয়। সে সময় জেলার বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা ও ছেলেমেয়েদের অনুশীলন শুরু হয় এই পুলে। কিন্তু কোনো মাসেই বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। যে কারণে ৫ বছরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। ২০১২ সালে বিদ্যুৎ বিভাগ পুলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই থেকে পুলটি তালাবদ্ধ।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, সুইমিংপুলের মূল ফটকে তালা ঝুলছে। ফটকে আগাছা জন্মেছে। দেখে মনে হয়, এটি বহু বছরের পরিত্যক্ত কোনো স্থাপনা। ভেতরে ঢুকতেই পানির পাম্পের ছোট একটি ঘর। ঘরটির চারপাশও জঙ্গলে ঢেকে গেছে। ভেতরে থাকা পানির পাম্পটি অকেজো পড়ে আছে। সুইমিংপুলের অধিকাংশ টাইলস নষ্ট হয়ে গেছে। ভিআইপি ভবনের জানালা-দরজার অবস্থাও করুণ।

যশোর জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বা সংস্কারকাজের জন্য গত ১৭ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নির্মাণের পর আট বছরে যশোর জেলার সুইমিংপুলের কোনো সংস্কার বা উন্নয়নকাজ হয়নি। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে পুলটি অকেজো হয়ে পড়ে আছে। যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদও এ-সংক্রান্ত একটি চিঠি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের কাছে পাঠিয়েছেন।

জানতে চাইলে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সাল থেকে আমরা চিঠি চালাচালির মধ্যে আছি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একাধিকবার প্রকৌশলীরা এসে সুইমিংপুল দেখে গেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবও দেখে গেছেন। কিন্তু কোনো কাজ করা হচ্ছে না। ইতিমধ্যে বকেয়া বিদ্যুৎ বিলের তিন লাখ টাকা আমরা পরিশোধ করেছি। আরও দেড় লাখ টাকা বাকি আছে। সংস্কারের জন্য সরকার এগিয়ে না এলে আমরা পুলটি ইজারা দিয়ে
দেব। এতে ছেলেমেয়েরা অন্তত সাঁতার অনুশীলনের সুযোগ পাবে।’

এদিকে সুইমিংপুলের অভাবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচির বাছাইপর্বের প্রতিযোগিতা গত বৃহস্পতিবার যশোর কালেক্টরেট পুকুরে করতে হয়েছে। এই প্রতিযোগিতা থেকে ২২ জনকে ঢাকার সাঁতার ক্যাম্পের জন্য বাছাই করা হয়।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সম্পাদক মো. আবদুল মান্নান বলেন, যশোর জেলার সাঁতারুদের অনুশীলনের তেমন কোনো জায়গা নেই। তার ওপর দিন দিন পুকুরের সংখ্যাও কমে যাচ্ছে। অনুশীলন করতে না পারলে সাঁতারুরা সংকটে পড়বেন। যে কারণে সুইমিংপুলটি সংস্কার ও উন্নয়ন করে চালু করা এখন সময়ের দাবি।