তিন কোটি টাকা আত্মসাৎ কর্মকর্তার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের বাগেরহাট রেল রোড শাখা থেকে গ্রাহকের ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। শাখা ব্যবস্থাপক খান বাবলুর রহমান গত শুক্রবার বাগেরহাট মডেল থানায় মামলাটি করেন। মামলাটি তদন্তের জন্য গতকাল শনিবার খুলনায় দুদকের সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত ১১০ জন গ্রাহকের মধ্যে অন্তত ৩৮ জন নারী। গ্রাহকদের ব্যক্তিগত ঋণ হিসাব থেকে সর্বনিম্ন ৮০ হাজার টাকা এবং সর্বোচ্চ সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করা হয়েছে। শেখ মাহফুজুর রহমান এক মাস ধরে আত্মগোপনে আছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে শেখ মাহফুজুর রহমান প্রথমে গ্রাহকের স্বাক্ষর জাল করে, শাখা ব্যবস্থাপকের মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ওভার ড্রাফট (ওডি) ঋণ হিসাবের সীমা বৃদ্ধি করেন। এরপর তিনি গ্রাহকের নামে চেক বই ইস্যু করে চেক উৎপাদন ও ডেবিটপূর্বক টাকা পাস করিয়ে নেন এবং শেষে ১১০ জন গ্রাহকের ওডি ঋণ হিসাব থেকে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করা হয়।
শাখা ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, ব্যাংকের নিয়মিত নিরীক্ষা চলাকালে গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা দল ঋণ ও অগ্রিম বিভাগের দায়িত্বে থাকা মাহফুজুর রহমানের কাছে ওডি ঋণ-বিষয়ক নথি দেখতে চান। কিন্তু তিনি তাঁদের সহযোগিতা না করে আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন বলে চলে যান। কর্তৃপক্ষ পরে জানতে পারেন, মৃত্যুর সংবাদটি মিথ্যা। পরে ওডি ঋণের হিসাব নিরীক্ষা করা হলে জালিয়াতির ঘটনাটি চিহ্নিত হয়। আত্মগোপনে থাকা ওই কর্মকর্তাকে কয়েক দফায় কাজে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি কাজে যোগ দেননি।
বাবলুর রহমান আরও বলেন, ঘটনার পর মাহফুজুরের মা ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন যে তাঁর ছেলে টাকা নিয়ে থাকলে তিনি তা ফেরত দেবেন। পরে তিনি ছেলের হয়ে মোট ৩৫ লাখ টাকা জমা ব্যাংকে দেন। কিন্তু আত্মসাৎ করা টাকার পরিমাণ বাড়তে থাকায় একপর্যায়ে তিনি আর টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করেন। মামলা দায়েরের সময় ওই ৩৫ লাখ টাকা মোট আত্মসাৎ করা টাকা থেকে বাদ দেওয়া হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, ব্যাংক কর্তৃপক্ষ আলামত হিসেবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা, ১১০টি চেকের ফটোকপি ও ভাউচার জমা দিয়েছে।