তিন খুনের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার নেই
রাজধানীর বাড্ডায় গুলিতে তিন খুনের ঘটনায় গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। গুলিতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলাটি করেন।
গতকাল রাতে বাড্ডা থানার ওসি আবদুল জলিল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে খুনের ঘটনায় একজন সদ্য প্রয়াত যুবলীগ নেতার অনুসারীদের সন্দেহ করছেন হত্যার শিকার ব্যক্তিদের স্বজনেরা। এলাকাবাসী বলছেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, গরুর হাটের ইজারাসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
গত বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় একটি পানির পাম্পের সামনে গুলি করে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে হত্যা করে দুর্বৃত্তরা। আহত হন আরও একজন। এ ঘটনায় খুন হন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শামসু মোল্লা, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা এবং একটি স্থানীয় হাসপাতালের সাবেক কর্মকর্তা ফিরোজ আহমেদ ওরফে মানিক। ঘটনায় আহত হন আবদুস সালাম নামের এক রিকশার গ্যারেজের মালিক। তবে সালামের স্বজনেরা তাঁকে স্থানীয় যুবলীগ নেতা বলে সাংবাদিকদের জানান। আবদুস সালাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পানির পাম্পের সামনে এই চারজনসহ আরও কয়েকজন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করছিলেন। এই চারজন চেয়ারে বসে ছিলেন। তখন কয়েকজন যুবক দৌড়ে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে বাড্ডার হোসেন মার্কেটের দিকে চলে যান। গুলিবিদ্ধ শামসু, ফিরোজ ও মাহবুবুরকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামসু ও ফিরোজকে মৃত ঘোষণা করেন। আর শুক্রবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবুর।
বাড্ডা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল, গরুর হাট ইজারা নিয়ে দ্বন্দ্ব, একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সমস্যাসহ বিভিন্ন বিষয়ের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যাকারীদের মূল ক্ষোভ ছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুরের ওপর। কিন্তু ঘটনাস্থলে কিছুটা অন্ধকার থাকায় হত্যাকারীরা চেয়ারে বসে থাকা চারজনকেই গুলি করে বলে সূত্রগুলো মনে করছে।
কারা গুলি করেছে এবং ঘটনার নেপথ্যে কারা—এ নিয়ে গতকাল এলাকায় ঘুরে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। এলাকাবাসী বলছেন, স্থানীয় যুবলীগ নেতা বাউল সুমন ঈদের কয়েক দিন আগে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আগে তিনি পুরো এলাকা নিয়ন্ত্রণ করতেন। তাঁর মৃত্যুর পর এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর। তিনি প্রথম বাড্ডা এলাকার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন। এরপর মেরুল বাড্ডার গরুর হাটের ইজারা নেওয়ার চেষ্টায় ছিলেন। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাউল সুমনের সহযোগীরা। এলাকার এক স্বেচ্ছাসেবক লীগ নেতা এই প্রতিবেদকের কাছে বাউল সুমনের সহযোগী সাত-আটজনের নাম উল্লেখ করে বলেন, এঁরা সবাই বর্তমানে এলাকাছাড়া।
মাহবুবুরের মামাতো ভাই আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, বাড্ডার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং মেরুল বাড্ডায় গরুর হাটের ইজারা নেওয়ার চেষ্টাই মাহবুবুরের জন্য কাল হয়েছে। ঘটনার বেশ কয়েক দিন আগে বাউল সুমনের এক সহযোগী মাহবুবুরকে জানিয়েছিলেন, পোশাক কারখানার নিয়ন্ত্রণ নিয়ে তিনি ভালো কাজ করেননি। কিন্তু এ কথা অত্যন্ত ভদ্রোচিত ভঙ্গিতে বলায় এটাকে হুমকি হিসেবে নেননি মাহবুবুর।
এলাকার স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাউল সুমনের দুজন সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে তাঁরা শুনেছেন। তবে বাড্ডা থানার ওসি আবদুল জলিল প্রথম আলোকে জানান, কেউ গ্রেপ্তার বা আটক নেই। তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। যাঁদের সঙ্গে কোন্দল ছিল, তাঁদের কয়েকজনের নাম পাওয়া গেছে, ধরার চেষ্টা চলছে।
এদিকে গত শুক্রবারই শামসুর লাশ বাড্ডার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আর স্থানীয় হাসপাতালের সাবেক কর্মকর্তা ফিরোজের লাশ ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুরের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর স্বজনেরা জানান, মাহবুবুরের এক ভাই ইতালিপ্রবাসী। তিনি দেশে ফিরছেন। আজ রোববার তিনি দেশে ফিরলে লাশ বাড্ডার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।