তিন গৃহবধূ ও এক শ্রমিকের লাশ উদ্ধার
রাজশাহী নগর, বাগমারা উপজেলা ও পাবনার আটঘরিয়া থেকে গতকাল মঙ্গলবার তিন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন পাবনা জেলার সুজানগরে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের লিচুবাগান এলাকায় মোহতাজ পারভীন (২০), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঁচামারা গ্রামের শিল্পী খাতুন (২৮), রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের কুলছুম খাতুন (২১) ও পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ইন্দ্রজিতপুর গ্রামের বাদল শেখের ছেলে হানিফ শেখ (৩০)।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: মোহতাজের পরিবারের সদস্যরা বলেন, বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন মোহতাজকে নির্যাতন করত। গতকাল মঙ্গলবার ভোরে মোহতাজের শাশুড়ি তাঁদের বলেন, মোহতাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মোহতাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অনেক চিহ্ন আছে। ঘটনার পর এলাকাবাসী মোহতাজের স্বামী আনোয়ারুল ইসলামকে আটক করে নগরের বোয়ালিয়া মডেল খবর দেয়। থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আনোয়ারুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, ময়নাতদন্তের পর এলাকাবাসী লাশ নিয়ে ঘোষপাড়া এলাকায় দেড়ঘণ্টা রাস্তা অবরোধ করে।
পাবনা: আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, বেলা ১১টার দিকে গ্রামের পুকুরে শিল্পী খাতুনের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, আহেদ আলীর সঙ্গে ১০ বছর আগে শিল্পী খাতুনের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে আহেদ শিল্পীর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। ১০-১২ দিন আগে শিল্পী স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। তিন দিন আগে আহেদ তাঁকে আবার বাড়িতে নিয়ে আসেন।
শিল্পীর বাবা হাসেন আলী বলেন, তাঁর বাড়ি থেকে শিল্পীকে নিয়ে আসার পর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তিনি শিল্পীর মৃত্যু সংবাদ পান। পুলিশ জানায়, হাসেন আলী বাদী হয়ে আহেদ আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আহেদ পলাতক।
সুজানগর উপজেলার বিটবিলা গ্রাম থেকে দুই কিলোমিটার দক্ষিণে একটি ধানের জমিতে গতকাল সকালে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি হানিফের বলে শনাক্ত করেন। নিহত হানিফের পরিবারের সদস্যরা বলেন, হানিফ ফরিদপুরে শ্রমিকের কাজ করতেন। কয়েক দিন আগে বাড়িতে আসেন। সোমবার থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজানগর থানার ওসি শাকিল উদ্দিন বলেন, নিহত হানিফের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখেছিল। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বাগমারা (রাজশাহী): কুলছুম খাতুন (২১) উপজেলার গোপালপুর গ্রামের পল্লি চিকিৎসক হেলাল উদ্দিনের স্ত্রী। তাঁদের প্রতিবেশীরা বলেন, ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। এরপর থেকে তাঁরা ভবানীগঞ্জে বাড়ি ভাড়া করে থাকতেন। গতকাল দুপুরে হেলাল উদ্দিন বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। স্ত্রীর সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের তাঁর বাড়িতে ডেকে পালিয়ে যান। প্রতিবেশীরা পরে থানায় খবর দেন। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাগমারা থানার উপপরিদর্শক আবদুল খালেক বলেন, গৃহবধূর গলায় ওড়না জড়ানো ছিল।