তিন গৃহবধূসহ ছয়জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছেলের হাতে বাবা, মৌলভীবাজার সদরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই এবং মৌলভীবাজারের কুলাউড়া ও টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জের তাড়াইলে এক যুবক ও সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। গত চার দিনে এসব খুনের ঘটনা ঘটে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নের দরগাহাটি গ্রামের আবদুর রাজ্জাকের (৬৫) ছেলে মোতালিব মিয়া (৩২) কয়েক বছর ধরে বাবার সম্পত্তি দাবি করছিলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ হতো। গত শনিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে মোতালিব দা নিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে তিনি মারা যান। ভৈরব থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মোতালেবকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মোতালিবকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার: সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের কাগাবলা গ্রামে সেহ্রির সময় ভাত দেওয়া নিয়ে ছোট ভাই হারুন মিয়ার (২২) সঙ্গে সাবলাল মিয়ার (২৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাবলালের মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করেন হারুন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সাবলালের বাবা জুনাব আলী বাদী হয়ে হারুনকে আসামি করে থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল: বিয়ের পর থেকে আল্পনা আক্তারের (৩০) সঙ্গে স্বামী সোনা মিয়ার দাম্পত্য কলহ চলছিল। রোববার সকালে গোপালপুরের নবগ্রাম দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে ঝিনাই নদীতে স্বামী-স্ত্রী গোসল করতে যান। সেখানে আল্পনাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন সোনা মিয়া। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সাইদুর রহমান বাদী হয়ে সোনা মিয়াসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় রাবেয়া বশরি (৩৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কবির মিয়া (৪০) পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাবেয়ার ভাই রুকন উদ্দিন বাদী হয়ে গতকাল কবিরকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। কুলাউড়া থানার এসআই নূর হোসেন জানান, কবির পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তাড়াইল (কিশোরগঞ্জ): তাড়াইলের দক্ষিণনগর গ্রামে গত রোববার বিকেলে নয়ন আকন্দ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নয়ন উপজেলার দিগদাইড় গ্রামের বাসিন্দা। নয়ন সুবোধ বিড়ি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাড়াইল থানার ওসি আবদুছ ছালাম মিয়া জানান, যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে।
বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ আহমেদের দ্বিতীয় স্ত্রী সুজিনা বেগম (২১) দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছে ও তাঁর (সুজিনা) মা রেজিয়া বেগম (৪৫) আহত হয়েছেন। উপজেলার দৌলতপুর গ্রামে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রেজিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নূর উদ্দিন (৪৩) নামের একজনকে আটক করা হয়েছে।