তিন ঘণ্টার ব্যবধানে দুটি ছিনতাই
রাজশাহীর চারঘাটে একই সড়কে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে টাকা এবং আরেকজনের ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন উপজেলা সদরের বাসিন্দা পবন আগরওয়ালা (৩১) এবং উপজেলার মুক্তারপুর দফাদারপাড়া গ্রামের বাসিন্দা মামুন আলী (৩৮)।
ভুক্তভোগীরা জানান, গত শনিবার রাত ১০টার দিকে ৮-১০ জন ছিনতাইকারী উপজেলার রাজশাহী-বাঘা সড়কের পল্লী বিদ্যুৎ মোড়ের পাশে পবনের পথরোধ করে তাঁর পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে সিএনজিচালিত একটি অটোরিকশা চলে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পবনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর তিন ঘণ্টা পরে একই সড়কে পুলিশ বক্সের সামনে ছিনতাইকারীরা রাস্তায় রশি দিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালক মামুনের গতি রোধ করে। পরে তাঁর টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে পিটিয়ে রাস্তায় ফেলে তাঁর ভ্যান নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে মামুন উঠে কাছের ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে ঘটনার কথা বললে স্টেশনের লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ রাত তিনটার দিকে উপজেলার চকমুক্তারপুর গ্রাম থেকে দুই ছিনতাইকারীসহ ভ্যানটি জব্দ করে।
দুই ছিনতাইকারী হলেন বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের ইসলাম আলী (২২) ও বিজদার আলী (৩০)।
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পবন এখনো কোনো মামলা করেননি। তাঁর কত টাকা খোয়া গেছে, তা-ও বলেননি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে মামুন মামলা করেছেন। ওই ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।