তিন চা-শ্রমিককে কুপিয়ে জখম, প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগানের তিন শ্রমিককে গত বুধবার গভীর রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে জুড়ী থানায় মামলা হয়েছে। প্রতিবাদে ফুলতলাসহ একই কোম্পানির মালিকানাধীন পার্শ্ববর্তী এলবিনটিলা ফাঁড়ি বাগানের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন।
বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাগানের ১৬ নম্বর সেকশনে শ্রমিক অনিল বুনারজি (২৭), সুবল বুনারজি (২৫) ও চৈতন বুনারজি (২৫) চারা গাছ পাহারা দিচ্ছিলেন। রাত পৌনে চারটার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা অনিলের ডান হাতের দুটি আঙুল কেটে ফেলে। এ ছাড়া তিনিসহ সুবল ও চৈতনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো দায়ের একাধিক কোপ লাগে। শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় টর্চের আলো মুখে পড়ায় সেলিম বটই নামের স্থানীয় এক ব্যক্তিকে চিনে ফেলেন শ্রমিকেরা। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটায় পরে সেখান থেকে তাঁদের সিলেটে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলতলা ও এলবিনটিলা বাগানের শ্রমিক পঞ্চায়েতের পক্ষ থেকে গতকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল ১০টার দিকে ফুলতলা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে শ্রমিকদের সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী, স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়াজ আলী, ফুলতলা বাগান পঞ্চায়েতের সভাপতি কাজল বুনারজি, এলবিনটিলা বাগানের পঞ্চায়েত সভাপতি সজল বুনারজি প্রমুখ। সভায় চা-শ্রমিকেরা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানায়, ফুলতলা বাগানের ব্যবস্থাপক এফজাল আহমেদ চৌধুরী বাদী হয়ে স্থানীয় বিরইনতলা গ্রামের বাসিন্দা উস্তার আলী, উস্তারের ছেলে কবির আহমদ, ফুলতলা বস্তির সেলিম বটইসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে গতকাল বিকেল চারটার দিকে মামলা করেন।
এফজাল আহমেদ জানান, কবির বাগানের এক নারী শ্রমিকের মেয়েকে উত্ত্যক্ত করতেন। ৭ মার্চ শ্রমিকেরা তাঁকে বাগানে আটক করে পিটুনি দেন। তাঁর অভিযোগ, এর জের ধরে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। শ্রমিকদের ধর্মঘট পালনের সত্যতা তিনি নিশ্চিত করেননি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে উস্তার ও তাঁর ছেলে কবিরের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।