তিন চেয়ারম্যানের কার্যালয়ে তালা
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কার্যালয় প্রায় ১৫ দিন ধরে তালাবদ্ধ রয়েছে। মামলা দায়েরের কারণে তাঁরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে ওই দুই চেয়ারম্যানের অনুপস্থিতিতে মহিলা ভাইস চেয়ারম্যানও নিয়মিত কার্যালয়ে আসছেন না।
স্থানীয় লোকজন জানান, কামাল উদ্দীন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ৫ জানুয়ারি কুষ্টিয়া শহরের বড়বাজার রেলগেট এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
জাকির হোসেন সরকার সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একই উপজেলা পরিষদের চেয়ারম্যান। ১২ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের মামলায় তাঁকে আসামি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় চেয়ারম্যানদের পাশাপাশি তিনটি কক্ষ তালাবদ্ধ। এ সময় পাশের একটি কক্ষে একজন কাজ করছিলেন। তিনি নিজেকে শহিদুল ইসলাম পরিচয় দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকারের ব্যক্তিগত সহকারী বলে জানান।
শহিদুল ইসলাম বলেন, মামলার পর থেকে চেয়ারম্যানরা কার্যালয়ে আসেন না। এ কারণে প্রায় ১৫ দিন ধরে কার্যালয় তালাবদ্ধ রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান দুই দিন আগে একবার কার্যালয়ে এসেছিলেন। তবে তাঁদের অনুপস্থিতিতে কাজের কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় কাজের সমস্যা হচ্ছে। আর মহিলা ভাইস চেয়ারম্যানও নানা ঝামেলায় কার্যালয়ে কম আসছেন। এসব কারণে এলাকার লোকজনকেও ভোগান্তি পোহাতে হচ্ছে।