তিন ছাত্রকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বৃহস্পতিবার বিকেলে ধরে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইএসের কার্যক্রম ও জিহাদি লেখা শেয়ার দিতেন।
আটক শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মকসুদুল হক এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘ফেসবুকে আইএস সম্পর্কে বিভিন্ন লেখা শেয়ার দেওয়ায় জুবায়ের হোসেনকে চার-পাঁচ দিন ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জুবায়ের তাঁর ফেসবুকে আইএসের কার্যক্রম ও জিহাদি লেখা শেয়ার দিতেন। এরপর বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আমরা তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করি। এ সময় তাঁর ফোনে আইএসের যুদ্ধের ভিডিও ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে তৈরি করা গান পাওয়া যায়।’ তাঁরা জানান, জুবায়েরের দেওয়া তথ্যে মকসুদুল হককে এবং তৌফিকের আচরণে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁদের তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।
আটক হওয়ার আগে জুবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা (আইএস) যে কাজগুলো করে, সেগুলো ঠিক না বেঠিক তা বোঝার জন্য আমি তাদের পোস্টগুলো পড়তাম। কোরআন-হাদিস থেকে সেখানে লেখা থাকত, তাই তাদের লেখা ভালো লাগত বলে পড়তাম।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু তাদের পোস্টগুলো পড়তাম। তবে তাদের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি।’
ছাত্রলীগ নেতা-কর্মীর জানান, জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মকসুদুলকে বিনোদপুর থেকে ধরে আনেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে জিজ্ঞাসাবাদের সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৌফিক। তাঁর আচরণ সন্দেহ হওয়ায় তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ছাত্রলীগ নেতা-কর্মীরা জঙ্গি–সংশ্লিষ্টতার সন্দেহে তিনজনকে আমাদের কাছে তুলে দিয়েছেন। আমরা জিজ্ঞাসাবাদ করছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’