তিন ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। দুপুরে তোলা ছবি l প্রথম আলো
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। দুপুরে তোলা ছবি l প্রথম আলো

খেলার মাঠে অস্ত্র নিয়ে ঢোকার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার ও দুই ছাত্রকে পুলিশে দেওয়ার ঘটনায় গতকাল বুধবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় ছাত্রলীগ নেতারা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শিক্ষার্থীদের অবরোধের মুখে প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিশৃঙ্খল পরিস্থিতি চলার সময় ছাত্রলীগের কয়েকজন নেতা বিদ্যালয়ে ঢোকেন। তাঁরা প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহমেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রধান শিক্ষকের টেবিলে রাখা বহিষ্কার-সংক্রান্ত নথিপত্র ছিঁড়ে ফেলেন ছাত্রলীগ নেতারা। থানা থেকে দুই ছাত্রকে মুক্তি দিলে অবরোধকারীরা শান্ত হয় ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক নিজ বিদ্যালয়ের দুই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেই উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছেন। তাঁরা সেখানে না গেলে পরিস্থিতি আরও খারাপ হতো। তবে তাঁরা কাউকে লাঞ্ছিত করেননি বা কাগজ ছেঁড়েননি।’
বিদ্যালয় দাপ্তরিক কর্মকর্তারা বলেন, গত মঙ্গলবার উপজেলার মুশুলি উচ্চবিদ্যালয় মাঠে আন্তবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হয়। খেলায় চণ্ডীপাশা উচ্চবিদ্যালয় ও মহেশকুড়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে নিরাপত্তা কমিটির লোকজন কয়েকটি চায়নিজ কুড়ালভর্তি একটি স্কুলব্যাগ উদ্ধার করে। পরে কমিটির লোকজন ব্যাগটি ইউএনও মো. শাহানুর আলমের কাছে দেন।
প্রধান শিক্ষক নাজির উদ্দিন বলেন, নিরাপত্তার কমিটির জিজ্ঞাসাবাদে অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনায় তাঁর বিদ্যালয়ের (চণ্ডীপাশা) তিন ছাত্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ ছাড়া খেলায় চণ্ডীপাশা উচ্চবিদ্যালয় পরাজিত হওয়ার পর ছাত্ররা চেয়ার ভাঙচুর শুরু করলে সেখানে এক অরাজক পরিস্থিতি দেখা দেয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনওর নির্দেশে তিনি গতকাল তিন ছাত্রকে সাময়িক বহিষ্কারের নোটিশ পাঠান। পরে ওই ব্যাগের আসল মালিককে জিজ্ঞাসাবাদ করে আরও দুই ছাত্রের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের পুলিশে দেওয়া হয়।