তিন ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে মারপিট করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার অপরাধে গতকাল শুক্রবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র পুলিশের এসআই শাহজাহান আলীর ছেলে নিলয় পারভেজ, মহেশপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে পারভেজ আলম জিম ও বাগানবাড়ি এলাকার আবদুল মান্নানের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেন নাহিদ মিলে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র গোলাম কিবরিয়াকে বিনা কারণে পিটিয়ে আহত করে। গোলাম কিবরিয়া উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পরে মারপিটের দৃশ্য ওই তিন ছাত্র মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের টনক নড়ে। আহত শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ে এসে ঘটনার বিচার দাবি করেন। বিদ্যালয় পরিচালনা কমিটি দুই দফা বৈঠক করে অভিযুক্ত তিন ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। আহত ছাত্রটিকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের একটি সূত্র জানায়, এ তিন ছাত্র এর আগেও নানা কারণে বিভিন্নজনকে মারপিট করেছে। শাসন করেও কোনো লাভ হয়নি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার তিন ছাত্র বহিষ্কারের কথা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত তিনজনের বিষয়ে আর কী ব্যবস্থা নেওয়া যায়, তা ভাবা হচ্ছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার বলেন, ‘মারপিট করে যারা সেই দৃশ্য আবার ফেসবুকে ছাড়তে পারে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।’
ভুক্তভোগী ছাত্রের বাবা শফিকুল ইসলাম বলেন, তাঁর ছেলেসহ ওই ছাত্ররা গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে কোচিং করতে আসে। এ সময় বিদ্যালয় মাঠে তাঁর ছেলেকে ওই তিন ছাত্র ধরে বিনা কারণে মারপিট করে। পরে তাঁর ছেলে গোলাম কিবরিয়া বাড়ি এসে এ ঘটনা জানায়। এদিকে ওই তিন ছাত্র কিবরিয়াকে মারধর করেই খান্ত হয়নি। তারা মুঠোফোনে ধারণ করে রাখা মারপিটের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেয়। ফেসবুকে মারপিটের এ দৃশ্য দেখে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের পাঁচজন অভিভাবক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে প্রকাশ্যে যদি এভাবে ছোট ক্লাসের ছাত্রদের হাতে বড় ক্লাসের ছাত্রকে নির্যাতনের শিকার হতে হয়, তবে নিরাপত্তা কোথায়?
সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি অবগত হয়ে অভিযুক্ত ওই তিন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।