জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রথম বর্ষের (৪৫তম ব্যাচ) তিন ছাত্রকে ছাত্রলীগের একদল কর্মী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হলের ‘গণরুমে’ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র গতকাল শুক্রবার বলেন, পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কয়েকজন কর্মী মদ পান করেন। পরে মাতাল অবস্থায় ছাত্রলীগ কর্মী ইতিহাস বিভাগের ছাত্র তপু সুলতান, মার্কেটিংয়ের আজাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের নাজমুল গাজী, পরিসংখ্যানের রবিন সরকারসহ আরও কয়েকজন গণরুমে ঢোকেন। তাঁদের অসংলগ্ন আচরণে পরিসংখ্যান বিভাগের আকরাম হেসে ওঠেন। এ কারণে তাঁকে মারধর করেন ছাত্রলীগের এই কর্মীরা। এ ছাড়া হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সম্মান না করার অভিযোগ এনে ইতিহাস বিভাগের পলাশ কুমার পাল ও কাব্যিরকেও মারধর করেন।
ছাত্রলীগের ওই চার কর্মী অভিযোগ অস্বীকার করেছেন। তবে হল শাখা ছাত্রলীগের সভাপতি তৈমুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু শুনিনি। এখনই খোঁজ নিচ্ছি।’