তিন ছাত্রাবাস বন্ধ পাঁচ বছর চুরি গেছে সব উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের তিনটি আবাসিক ছাত্রাবাস প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। আসন দখলকে কেন্দ্র করে ২০০৯ সালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে এ তিনটি আবাসিক ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দরজা-জানালা ও বিভিন্ন উপকরণ চুরি হয়ে গেছে। চরম আবাসন-সংকটে পড়েছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম প্রথম আলোকে বলেন, ‘যোগদানের পর আমি প্রথমেই তিনটি ছাত্রাবাস খুলে দিতে চেয়েছি। কিন্তু ছাত্রাবাস তিনটি পরিদর্শনে গিয়ে হতাশ হতে হয়েছে। কোনো ছাত্রাবাসের আসবাব, দরজা-জানালা এমনকি বৈদ্যুতিক তার পর্যন্ত নেই। ছাত্রাবাস চালু করতে গেলে আগে মেরামত ও আসবাব কেনা দরকার। এটা ব্যয়বহুল। কলেজের তহবিলে এত অর্থ নেই। এখন বিষয়টি সরকারি দলের স্থানীয় দুই সাংসদকে জানাব। তাঁদের সহযোগিতা ছাড়া বন্ধ ছাত্রাবাস চালু করা সম্ভব নয়।’
কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ ডিসেম্বর কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় শের-ই-বাংলা, শহীদ তিতুমীর এবং শহীদ আখতার আলী মুন ছাত্রাবাসে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পর থেকে তিনটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। বর্তমানে নতুন ক্যাম্পাসে একমাত্র ছাত্রীনিবাসটি খোলা থাকলেও তিন শ আসনের এ হলে ছয় শতাধিক ছাত্রী অবস্থান করছেন।
সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় তিনটি ছাত্রাবাসই জরাজীর্ণ। শের-ই-বাংলা ছাত্রাবাসের টিনের ছাউনি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। তিনটি ছাত্রাবাসের দরজা-জানালা, বিছানাপত্র, বৈদ্যুতিক ফ্যান, পানি সরবরাহের সরঞ্জাম এমনকি বৈদ্যুতিক তারও চুরি হয়ে গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাত নামলেই পরিত্যক্ত এ তিনটি ছাত্রাবাস অপরাধীদের অভয়ারণ্য আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। চলে অসামাজিক কার্যকলাপও।
গণিত বিভাগের শিক্ষার্থী আলাউর রহমান বলেন, মেসে থেকে এক মাসে যে টাকা খরচ করতে হয়, তা দিয়ে ছাত্রাবাসে এক বছর থাকা সম্ভব। পাঁচ বছর ধরে বন্ধ থাকায় বাধ্য হয়েই বাবা-মায়ের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নিয়ে মেস ভাড়া দিতে হচ্ছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মণ বলেন, গত এক দশকে অন্তত কুড়ি হাজার শিক্ষার্থী বাড়লেও নতুন করে ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেই। উল্টো দুটি ছাত্রসংগঠনের মধ্যে হল দখলকে কেন্দ্র করে খোঁড়া অজুহাতে পাঁচ বছর ধরে তিনটি ছাত্রাবাস বন্ধ রেখেছে কলেজ প্রশাসন। নতুন ছাত্রাবাস নির্মাণসহ বন্ধ তিনটি ছাত্রাবাস খুলে দেওয়ার জন্য তাঁরা আন্দোলন করে আসছেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ছাত্রাবাস খুলে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দ দেওয়া হলে ছাত্রদল সহযোগিতা দেবে। আর ছাত্রলীগের কার্যালয় বানানোর চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।
কলেজ ছাত্রলীগের সভাপতি (একাংশ) মশিউর রহমান দাবি করেন, ছাত্রাবাস তিনটি খুলে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দের পক্ষে ছাত্রলীগ। তাঁরা কোনোভাবেই হল দখলের সংস্কৃতিকে সমর্থন করেন না। বন্ধ ছাত্রাবাস খুলে দেওয়ার পাশাপাশি নতুন আরও ছাত্রাবাস নির্মাণের দাবি জানাতে ছাত্রলীগের পক্ষ থেকে শিগগিরই সাংগঠনিক অবস্থান তুলে ধরা হবে।