তিন ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৫ লাখ টাকার মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের তিন দিন পর গতকাল শুক্রবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সবুজ (২৫), মো. খোকন (২৮) ও শহীদুল ইসলাম (২৫)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, গত ২৮ জুন দুপুরে চন্দনপুরা এলাকায় মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবুজের কাছ থেকে ৩০ হাজার এবং বাকি দুজন খোকন ও শহীদের কাছ থেকে ৫০ হাজার করে ১ লাখ টাকা উদ্ধার করা হয়। দলের বাকি সদস্যদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।