তিন জঙ্গি নিহতের ঘটনা তদন্তে না.গঞ্জে পিবিআই
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয় দফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
আজ বুধবার দুপুরে নগরের পাইকপাড়া এলাকায় জঙ্গিদের ভাড়া নেওয়া সেই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটটি পরিদর্শন করে পিবিআইর অতিরিক্ত ডিআইজি মইনুল আহসানের নেতৃত্বাধীন একটি তদন্ত দল। এ সময় কর্মকর্তারা ছাড়া বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন। এর আগে তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদারের নেতৃত্বে একটি তদন্ত দল।
বুধবার পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মইনুল আহসান জানান, ‘এই মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দফা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। তদন্তে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য যাচাই–বাছাই করে দেখছি। আমরা আশা করছি, মামলার তদন্তকাজ দ্রুত শেষ করতে পারব।’
গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় ‘অপারেশন হিট স্ট্রং’ নামে কাউন্টার টেররিজম ইউনিটের ওই অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।