তিন জঙ্গিকে গ্রেপ্তারের খবর বিশ্ব গণমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক-ব্লগার অভিজিৎ রায় ও ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ কথিত তিন জঙ্গিকে গ্রেপ্তারের খবর ফলাও করে এসেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ এর একটি দল গতকাল সোমবার রাতে রাজধানীর দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিক। র‍্যাবের দাবি, তাঁরা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য।

রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর ছিলেন (৫৮) এ দুটি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন বাংলাদেশের র‍্যাবের মুখপাত্র মাকসুদুল আলম।

মাকসুদুল আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরেও একই কথা বলা হয়। সেখানে বলা হয়, তৌহিদুর রহমান ও অন্য দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) ‘সক্রিয় সদস্য’।

এএফপির খবর বলা হয়, পুলিশ তৌহিদুরকে মূল পরিকল্পনাকারী ও এবিটির মূল অর্থ জোগানদাতা বলে উল্লেখ করেছে। এ সংগঠনের বেশির ভাগ সদস্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিবিসির খবরেও বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান এ হত্যার পরিকল্পনাকারী ছিলেন। আনসারউল্লাহ বাংলা টিমের সঙ্গে তাঁর যোগসূত্র থাকার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। খবরে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সরকার এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে সমালোচনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিও এএফপির বরাত দিয়ে খবরটি প্রচার করেছে। এ ছাড়া দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, দ্য ইয়াহু ও ডেইলি মিররসহ বিভিন্ন গণমাধ্যম এই খবরটি ফলাও করে প্রকাশ করেছে।