তিন জায়গায় তিন রকম জন্মতারিখ
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. হাবিবুর রহমান খলিফা ২০১০ সালে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর শিক্ষাসনদ, জাতীয় পরিচয়পত্র ও মুক্তিযোদ্ধা ভাতা-সংশ্লিষ্ট কাগজে ভিন্ন ভিন্ন জন্মতারিখ পাওয়া গেছে।
জানা গেছে, হাবিবুর রহমান খলিফা ২০১০ সালে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানান, হাবিবুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি অনৈতিক পন্থায় তালিকাভুক্ত হয়ে ভাতাসহ নানান সুবিধা গ্রহণ করছেন।
কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ১৯৭৮ সালে হাবিবুর রহমান মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। শিক্ষাসনদে তাঁর জন্মতারিখ ১৫ অক্টোবর ১৯৬১। জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৩ মে ১৯৫৬। মুক্তিযোদ্ধা ভাতা-সংশ্লিষ্ট কাগজপত্রে জন্মতারিখ ২৮ সেপ্টেম্বর ১৯৫৪।
গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ জহির উদ্দিন বলেন, হাবিবুর রহমান ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৭৩ হাজার টাকা ভাতা উত্তোলন করেছেন।
যুদ্ধকালীন কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা লালন ফকির ও আবদুল হক ঘরামী বলেন, হাবিবুর রহমান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন।
জানতে চাইলে হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কতিপয় লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মনিরুল হক বলেন, হাবিবুরের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।