গাইবান্ধার সাদুল্যাপুর, রংপুরের তারাগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক কলেজছাত্রসহ তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
সাদুল্যাপুরে নিহত শাহারুল খন্দকার (৪০) উপজেলার ইদিলপুর গ্রামের বাবু খন্দকারের ছেলে। তারাগঞ্জের সংঘর্ষে নিহত লিটন মিয়া (২৭) জুলবার গ্রামের ইয়াছিন আলীর ছেলে। আর দিনাজপুরের ঘোড়াঘাটে নিহত কলেজছাত্রের নাম আরিফুল ইসলাম (২০)। তিনি দামপাড়া গ্রামের বাবুল মিয়ার (৪৫) ছেলে।
সাদুল্যাপুর থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই বিঘা জমি নিয়ে মহিপুর বাজার গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী ইদিলপুর গ্রামের রমজান আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। গতকাল বেলা ১১টার দিকে রমজান আলী লোকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ করেন। খবর পেয়ে লাঠি, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইসমাইল হোসেন ও তাঁর লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রমজান আলীর মামাতো ভাই শাহরুল খন্দকারসহ ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহারুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় লোকজন আহত আরও তিনজনকে রংপুর হাসপাতালে ও সাতজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আটজনকে আটক করা হয়েছে।
তারাগঞ্জের রহিমাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের আনিছুল হক ও মাহাবুবই রব্বানির সঙ্গে একই গ্রামের লুৎফর রহমান ও মুরশেদ হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বিরোধপূর্ণ ওই জমিতে লুৎফর ও মুরশেদ ধানের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে মাহাবুবই রব্বানি (৪০), লিটন মিয়া (২৭)সহ পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে লিটন মারা যান।
তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত।
ঘোড়াঘাটের পালশা ইউনিয়নের দামপাড়া গ্রামে গতকাল সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, দামপাড়া গ্রামের ছামাদ উদ্দিনের ভাতিজা বাবুল মিয়া। বাবুলের সঙ্গে জমি নিয়ে ছামাদ উদ্দিনের বিরোধ ছিল।
ঘোড়াঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) খায়রুল বাশার স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, গতকাল বাবুল মিয়া তাঁর দুই ছেলে মাসুদ ও আরিফুলকে নিয়ে ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান। খবর পেয়ে ছামাদ উদ্দিন তাঁর দুই ছেলেসহ লোকজন নিয়ে বাবুল মিয়া ও তাঁর ছেলেদের ওপর হামলা করেন। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আরিফুল মারা যান। তিনি ঘোড়াঘাট ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এফতেখারুল ইসলাম বলেন, বাবুল মিয়া ও মাসুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।