তিন জায়গায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে এক নারীসহ তিনজন খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বানিয়াজুড়া গ্রামে বিউটি বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী রাসেল মিয়া (৩৬) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাসেল মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। রাসেল-বিউটির দুটি শিশুসন্তান রয়েছে। গতকাল বেলা পৌনে ১১টার দিকে দাম্পত্য কলহের জের ধরে রাসেল মিয়া উত্তেজিত হয়ে বিউটি বেগমের মাথায় কুড়াল দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোহনগঞ্জ থানার পুলিশ ওই দনি দুপুর ১২টার দিকে রাসেলকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে।

ওসি (তদন্ত) আবদুল মোতালেব বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বামী রাসেল মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাকশ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। গত সোমবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম শাহ আলম (৪০)। তাঁর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামে। তিনি ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার শাহ আলমের রাতের পালায় কাজ ছিল। রাত নয়টার দিকে সাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় ব্রিজ এলাকায় দুবৃর্ত্তরা শাহ আলমকে সাইকেল থেকে নামিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত আনুমানিক ১১টার দিকে অপর একটি পোশাক কারখানার কয়েকজন শ্রমিক কাজ শেষে ওই পথে ফেরার সময় পাশের ডোবায় শাহ আলম ও তাঁর সাইকেল পড়ে থাকতে দেখে ভালুকা মডেল থানার পুলিশকে খবর দেন।

থানার পরিদর্শক (তদন্ত) হজরত আলী বলেন, কারা এবং কেন এ ঘটনা ঘটাল তা জানা যায়নি। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

ময়মনসিংহের নান্দাইলে আবু হানিফ (৬৮) নামের এক কৃষক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গত সোমবার আবু হানিফ এশার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। কিন্তু ঘণ্টাখানেক পর স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর নিয়ে আসেন যে আবু হানিফ মসজিদের পশ্চিমে অবস্থিত একটি বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রামবাসী জানান, আবু হানিফ যে বাড়ির পেছনে পড়ে ছিলেন, সেই বাড়িটি তাঁর ছোট ভাই সৌদিপ্রবাসী ওমর আলীর (৫০)।

নান্দাইল থানার ওসি ইউনুস আলী গতকাল বলেন, পুলিশ প্রবাসী ওমর আলীর ছেলে মো. কাউসারের সন্ধানে তাঁর কিশোরগঞ্জের বাসায় অভিযান চালায়। কিন্তু ঘটনার পর থেকে কাউসার পলাতক।