তিন জায়গায় তিনজনকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে মামলা হয়েছে।
সাভারের ঘটনায় কিশোরীর মা বলেন, কয়েক বছর ধরে তাঁরা পৌর এলাকার একটি বাড়ির দোতলায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক থাকেন নিচতলায়। গত সোমবার সকালে তাঁর মেয়েকে নিচতলার একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন বাড়ির মালিক। এ ঘটনায় কিশোরীর মা সাভার মডেল থানায় মামলা করেন। তিনি আরও বলেন, তাঁর মেয়ে পোশাকশ্রমিক। কিন্তু আট মাস আগেও সে পড়ালেখা করত। এ বছর অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর টাকার অভাবে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর সে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সাভারের উলাইল এলাকা থেকে গতকাল সকালে একজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, নড়াইলের এক বিধবা তিন মাস আগে তাঁর বোনের বাড়ি রূপগঞ্জের গাউছিয়া এলাকায় বেড়াতে আসেন। এরপর তাঁর সঙ্গে টুটুল হাওলাদার নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ সেপ্টেম্বর টুটুল হাওলাদার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে একটি বাড়িতে নিয়ে যান। এরপর একটি ঘরে চার দিন আটকে রেখে টুটুলসহ তাঁর সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করেন। গত সোমবার রাতে তিনি কৌশলে পালিয়ে এসে রূপগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানান এবং মামলা করেন। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গোলাকান্দাইলের নাগেরবাগ এলাকায় অভিযান চালিয়ে টুটুল হাওলাদার ও তাঁর সহযোগী রুবেল মিয়া, বাচ্চু শেখ, নুরুজ্জামান, নবাব আলী, মাহবুব মিয়া, রিপন মিয়া, রবিন মিয়া ও এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
আড়াইহাজার থানার পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্র জানায়, গত ১০ জুলাই উপজেলার এক দিনমজুরের স্কুলপড়ুয়া মেয়েকে (১৫) হাইজাদী ইউনিয়নের ফারুক (২০) বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে মেয়েটিকে বিশনন্দী ফেরিঘাট এলাকায় নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন ফারুক। গত সোমবার রাতে মেয়েটি আড়াইহাজার থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করে।