তিন জুয়াড়িকে পিটিয়ে পুলিশে দিলেন যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে ঘিরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এবং ফেরিতে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী ও জুয়াড়ি চক্র।
গত মঙ্গলবার বিকেলে ফেরিতে জুয়া খেলার সময় হাতেনাতে ধরে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ফেরির যাত্রী ও কর্মচারীরা।
ঢাকার জিরানী বাজারের একটি পোশাক কারখানার শ্রমিক সোহেল হোসেন ওরফে জিকু (২৫) জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে মঙ্গলবার তিনি মাগুরার মোহাম্মদপুরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে মাধবীলতা নামের একটি ফেরিতে ওঠেন। ফেরিটি ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই দেখতে পান এক পাশে চার-পাঁচজন লোক বসে জুয়া খেলছে। এর সামনে এক বাসযাত্রী কৌতূহলবশত এগিয়ে যেতেই তাঁর একটি সোনার আংটি ও টাকা কেড়ে নেয় জুয়াড়িরা। সোহেলও এগিয়ে গেলে তাঁর মানিব্যাগ থেকে ১ হাজার ২০০ টাকা কেড়ে নেয়।
সোহেল আরও জানান, বাধা দিতে গেলে একজন চাকু বের করে কোপ দিতে আসে। এ সময় ফেরিতে থাকা বাসযাত্রী, হকার ও ফেরির কর্মচারীরা দৌলতদিয়ার ঢল্লাপাড়ার নুরু খাঁ (৪৫), হোসেন মণ্ডলপাড়ার শহিদুল ইসলাম (৪০) ও উম্বার কাজীপাড়ার হারুন সরদার (৩৮) নামের তিনজনকে ধাওয়া দিয়ে চাকুসহ আটক করে গণপিটুনি দেয়। তাদের সঙ্গে থাকা আরেকজন ফেরি থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। নৌ ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ফেরি থেকে তাদের আটক করে গোয়ালন্দ থানায় সোপর্দ করে। এ ঘটনায় রাতেই সোহেল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।