তিন জেএমবি ও দুই হুজি সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা, নওগাঁর আত্রাই ও ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিল্লাল হোসেন নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, বিল্লাল জেএমবির আত্মঘাতী দলের সদস্য। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া উত্তরপাড়া গ্রামে। তিনি দাপুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ বলেছে, ১০ দিনব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার ভোরে দাপুনিয়া এলাকার শস্যমালা গ্রামের একটি বাড়ি থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নুরে আলম বলেন, তিনি আত্মঘাতী দলের সদস্য কি না, তা তদন্ত করা হচ্ছে।
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, আবদুর রশিদ (৩৪) নামে জেএমবির তালিকাভুক্ত একজন সদস্যকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগমারার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি ২০০৪ সালে রাজশাহী অঞ্চলে জেএমবি নেতা বাংলা ভাইয়ের বাহিনীর সঙ্গে বিভিন্ন জঙ্গি অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁকে জঙ্গিসংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁর আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, আবদুল মান্নান নামের (৪৫) জেএমবির তালিকাভুক্ত সদস্য ও একাধিক মামলার পলাতক একজন আসামিকে গতকাল দুপুরে উপজেলার জামগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এ গ্রামের মজিবর রহমানের ছেলে। বাংলা ভাইয়ের সঙ্গে থেকে হত্যাযজ্ঞ, মারধর, লুটতরাজে অংশ নিয়েছেন আবদুল মান্নান।