তিন জেএসসি পরীক্ষার্থীকে কোপাল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তিন জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বখাটেরা। সহপাঠী ছাত্রীদের ছবি তোলার ঘটনা প্রধান শিক্ষককে জানানোয় গতকাল রোববার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা এ ঘটনা ঘটায়।
আহত শিক্ষার্থীরা হলো ইমন, জাহিদ ও বাহাদুর। তাদের তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসক নিখিল চন্দ্র শীল জানান, তিনজনেরই কাঁধে, পেটে ও বুকে মারাত্মক জখম রয়েছে। তবে শঙ্কামুক্ত।
আহত শিক্ষার্থীরা জানায়, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রীসহ ছয় পরীক্ষার্থী প্রতিদিন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে আমতলী উপজেলা সদরে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করে। পথে ঘটখালী এলাকার লিমন, জুয়েলসহ ছয়-সাতজন ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার পরীক্ষা শেষে তারা অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় অটোরিকশা থামিয়ে ওই কয়েকজন তাদের মুঠোফোনে জোর করে চার ছাত্রীর ছবি তোলে। ঘটনাটি তৎক্ষণাৎ মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুককে জানায় জাহিদ ও ইমন। প্রধান শিক্ষক বিষয়টি আমতলী থানায় জানালে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বখাটেদের ধাওয়া করে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ জানায়, প্রধান শিক্ষককে বিষয়টি জানানোর কারণে ক্ষিপ্ত হয় বখাটেরা। গতকাল তারা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা দেড়টার দিকে ঘটখালী এলাকায় পৌঁছালে ওই বখাটেরা ইমন, বাহাদুর ও তাকে (জাহিদ) ছয়জনকে অটোরিকশা থামিয়ে বাইরে নামায়। বখাটেরা তাকে ও ইমনকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় বাহাদুর বখাটেদের নিবৃত্ত করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে বখাটেরা। কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর স্থানীয় মন্টু মিয়ার ঘরে তাদের তিনজনসহ ছয় পরীক্ষার্থীকে আটকে রাখে। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমতলী থানায় ঘটনাটি জানান। পরে পুলিশ গিয়ে আহত তিন শিক্ষার্থীসহ ছয় শিক্ষার্থীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোলাম ফারুক জানান, ‘উত্ত্যক্তকারীরা মেয়েদের ছবি তোলার ঘটনা পুলিশকে জানালে পুলিশ বখাটেদের ধাওয়া করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।’