তিন জেলা থেকে তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থেকে হাত-পা-মাথাবিহীন এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভ্যানচালক ও সুনামগঞ্জের ধরমপাশা থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
ভৈরবে উদ্ধার করা খণ্ডিত লাশটি বিলকিস বেগম নামের এক নারী তাঁর স্বামীর বলে শনাক্ত করলেও পুলিশ লাশের ডিএনএ পরীক্ষা করবে বলে জানিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ভৈরব: গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌর শহরের মালাগুদাম এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত একটি লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশটি উদ্ধারের পর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা বিলকিস বেগম দেহটি তাঁর নিখোঁজ স্বামীর বলে শনাক্ত করেন। তিনি বলেন, তাঁর স্বামী নবী হোসেন (৪০) পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত রোববার সকালে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি। তাঁর মুঠোফোনটিও বন্ধ। বিলকিস বেগম কোমরের তিলক দেখে খণ্ডিত দেহটি তাঁর স্বামীর বলে দাবি করেন। তবে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, লাশটির শরীরের অন্যান্য অঙ্গ উদ্ধারে চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হতে লাশের ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আরচাকান্দি গ্রামের ভ্যানচালক আবদুল করিম (৩৮) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আবদুল করিম উপজেলার কাঠারবিল থেকে কয়েকজন যাত্রী নিয়ে তারাটিয়া এলাকার উদ্দেশে রওনা হন। গতকাল সকালে জলব্রিজ এলাকার একটি খেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ভ্যানচালকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর ভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলার গুলুয়া মাইজপাড়া গ্রামের নিজ বাড়ির বৈঠকঘর থেকে গতকাল বেলা ১১টার দিকে সুমন মিয়া (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ধরমপাশা থানার এসআই রুবেল মিয়া বলেন, আগের রাতে সুমন ওই ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তাঁর বাবা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ফাঁস লাগানো অবস্থায় ছেলের লাশ ঝুলতে দেখেন। সুমন মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর স্বজনেরা জানান।