তিন জেলায় আটক ২৭, শতাধিকের বিরুদ্ধে মামলা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ ও হামলার ঘটনায় আজ শনিবার ও গতকাল শুক্রবার রাতে ২৩ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দিনাজপুর ও রংপুরের কয়েকটি জায়গায় যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুরে ট্রাকে দেওয়া আগুনে চালক মারাত্মক দগ্ধ হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: জেলার ধুনটে গতকাল পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে বলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান। এ মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার দিন রাতেই ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে ধুনট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির রেজাউল ইসলামও রয়েছেন। তবে তৌহিদুল আলমের দাবি, পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে।
নোয়াখালী: জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবাশ্বের হোসেনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১১ জন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ।
দিনাজপুর: জেলার তের মাইল গড়েয়া, রানীর বন্দর ও দিনাজপুর ডায়োবেটিক হাসপাতাল মোড়ে চারটি ট্রাক ও একটি ট্যাঙ্কলরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এসব যানবাহনে আগুন দেওয়া হয়। দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত নয়টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল মোড়ে অবরোধকারীরা ভুট্টাবাহী একটি ট্রাকে আগুন দেয়। এতে দুই বস্তা ভুট্টা পুড়ে যায়। রাত ১০টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের তের মাইল গড়েয়ায় আলুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধকারীরা। এ ঘটনায় ট্রাকের চালক আল আমিনের শরীর মারাত্মক দগ্ধ হয় এবং তাঁর সহকারী মো. আবুল কালামের মাথা ফেটে যায়। আহত লোকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দেড়টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীর বন্দরে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুইটি খালি ট্রাক এবং একটি ট্যাঙ্কলরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। মো. আবদুল্লাহ নামে এক ট্রাকচালক জানান, হামলাকারীরা সংখ্যায় ২০ জনের মতো ছিল এবং সবার মুখ মুখোশে ঢাকা ছিল।
রংপুর: জেলার মিঠাপুকুরে মহাসড়কের চারটি স্থানে গতকাল রাতে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ ভোরে পুলিশ জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত আটটা থেকে ১২টা পর্যন্ত উপজেলার আল ফারুক ইনস্টিটিউট, গ্রামীণ ব্যাংক, বলদীপুকুর ও শঠিবাড়ি এলাকায় ১০টি প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপ ও মিনিবাস ভাঙচুর করা হয়। পুলিশের দাবি, এসব ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীরা জড়িত।
মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করে গাড়ি ভাঙচুর করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।
পিরোজপুর: জেলা শহরের ভাইজোড়া এলাকায় আজ দুপুরে তিনটি পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম ও আলী হাসান শিবির কর্মী বলে পুলিশ দাবি করেছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে শহরের ভাইজোড়া এলাকায় বাসে হামলার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন শিবিরের এই দুই কর্মীকে আটক করে। এ সময় তাঁদের ব্যাগ থেকে থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করে জনতা। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(প্রতিবেদনটি তৈরি সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; নোয়াখালী ও দিনাজপুর অফিস; ধুনট (বগুড়া) ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি)