তিন জেলায় গৃহবধূসহ চারজনকে হত্যা
বাগেরহাটের রামপালে গত বুধবার রাতে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার যশোরের অভয়নগরে দুজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। একই দিন গোপালগঞ্জে রিকশাভ্যানের এক চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: জেলার রামপালে নিহত নারীর নাম সাফারা বেগম (৩৫)। তিনি উপজেলা সদরের ঝনঝনিয়া গ্রামের জালাল ফকিরের মেয়ে। নিহত সাফারার ভাই বেল্লাল হোসেন জানান, ১৫ বছর আগে সাফারার সঙ্গে উপজেলার সোনাতুনিয়া গ্রামের দিনমজুর এনামুল শেখের বিয়ে হয়। বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে সাফারার সঙ্গে এনামুলের ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল বসার পিঁড়ি দিয়ে সাফারাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া একটার দিকে তাঁর মৃত্যু হয়।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন বলেন, এনামুল শেখ পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভয়নগর (যশোর): উপজেলার নওয়াপাড়া গ্রামের মাঠ থেকে গতকাল সকালে দুই ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন খুলনার দৌলতপুরের দেয়ানা গ্রামের রিপন হোসেন বন্দ (৩৫) এবং পাবলা গ্রামের অমৃত ঘরামী (৩৬)। এ ঘটনায় আবদুর রহিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন জানান, গতকাল ভোরে লোকজন নওয়াপাড়া গ্রামের বেহারাপাড়া মাঠে কাজ করতে যান। এ সময় তাঁরা দুই ব্যক্তির লাশ পাশাপাশি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন আহম্মেদ জানান, দুজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফরিদপুর: গোপালগঞ্জে রহিম মোল্লা (১৪) নামের ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে। রহিম গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামের ভ্যানচালক বাবলু মোল্লার ছেলে এবং কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে সংসারের প্রয়োজনে পড়াশোনার ফাঁকে বাবার ভ্যানটি চালাত।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন বলেন, গতকাল সকালে বালারগাতি গ্রামের টুঙ্গিপাড়া পৌরসভার কাউন্সিলর কাজী বাহাউদ্দিনের মালিকানাধীন চিংড়িঘেরের পাড় থেকে রহিমের লাশ উদ্ধার করা হয়। তার দুই হাত ও পা বাঁধা ছিল। তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মুঠোফোনটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে রহিমের ভাই তুহিন টুঙ্গিপাড়া থানায় এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে বুধবার রাতে হাফিজ সিকদার নামের ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক চালককে গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে বাদল (২১) নামের এক তরুণকে স্থানীয় লোকজন পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, বাদলকে ছিনতাইকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই চক্র রহিমের হত্যার সঙ্গেও জড়িত থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।