তিন জেলায় তিনজন খুন
গাজীপুরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বাবাকে পিটিয়ে হত্যা এবং ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। মানিকগঞ্জে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জে গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত শনি ও গতকাল রোববার এসব ঘটনা ঘটেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ব্যক্তি হন মো. গিয়াস উদ্দিন (৬৫)। তিনি পেশায় কৃষক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আতাব উদ্দিনকে (৩৫) আটক করেছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, সিংড়াতলীর কৃষক গিয়াস উদ্দিন তাঁর বাড়ির পাশে একটি জমিতে ধান রোপণ করেছিলেন। ওই জমি নিয়ে তাঁর ভাইয়ের ছেলেদের সঙ্গে বিরোধ ছিল। গতকাল রোববার বিকেলে গিয়াস উদ্দিনের রোপণ করা ওই ধান তাঁর ভাতিজা আতাব উদ্দিন ধান কাটছিলেন। খবর পেয়ে গিয়াস উদ্দিনের ছেলে ফাইজুদ্দিন গিয়ে ধান কাটতে বাধা দিলে আতাব উদ্দিন তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বিষয়টি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পেটানোর ফলে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ভূঁইয়া জানান, গিয়াস উদ্দিনের লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার ও আতাব উদ্দিনকে আটক করা হয়েছে। আহত ফাইজুদ্দিনকে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ: সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে গত শনিবার রাতে লিতা আক্তার (২৬) নামের গৃহবধূ মারা যান। স্বজনদের অভিযোগ, সম্পর্কের জের ধরে তাঁর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন।
থানা-পুলিশ, নিহত গৃহবধূর পরিবার এবং স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সাত বছর আগে কৃষ্ণপুর গ্রামের আবদুল আজিজের ছেলে মনোয়ার হোসেনের সঙ্গে একই উপজেলার আটিগ্রামের সদর উদ্দিন দেওয়ানের মেয়ে লিতার বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। কয়েক মাস আগে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মনোয়ার। এ নিয়ে তাঁদের দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার রাতে লিতার বাবা-মা প্রতিবেশীর মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ পান। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে শ্বশুরবাড়ি থেকে লিতার লাশ উদ্ধার করে। এ সময় মানোয়ার ও তাঁর বাড়ির কাউকে পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষ ভৌমিক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে স্পষ্ট হওয়া যাবে।
লিতার বাবা সদর উদ্দিন দেওয়ান অভিযোগ করেন, তাঁর মেয়েকে মনোয়ার ফাঁস দিয়ে হত্যা করেছেন। তিনি মেয়ে হত্যার বিচার চান।
এ ব্যাপারে মনোয়ার ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ: গতকাল রোববার বেলা একটার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে তুচ্ছ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মনিয়ারা বেগম (৪৫) নিহত হন।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, পূর্ব মাকাহাটি গ্রামের শিকদার বাড়ির আবু কালাম ও হাওলাদার বাড়ির রিয়াদের ঝগড়া বাধে। এ সময় ঝগড়া থামাতে গেলে বাচ্চু শিকদারের ছেলে আবু কালামের গুলিতে মনিয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিয়ারা বেগম হাওলাদার বাড়ির মহিউদ্দিন হাওলাদারের স্ত্রী।
সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।