তিন জেলায় দুই খুন, একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলায় গত বৃহস্পতিবার রফিকুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পাবনার সুজানগরে গতকাল শুক্রবার এক গাড়িচালকের গুলিবিদ্ধ লাশ ও গাইবান্ধার পলাশবাড়ীতে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই গাড়িচালককে খুন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে পত্নীতলার শীতল বাজারপাড়া গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের জালাল উদ্দীন (৪৫) ও ফয়জুল কবিরের (৩৫) বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে তাঁরা কৌশলে রফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলে রফিকুল নিহত হন। খবর পেয়ে জালাল ও ফয়জুলকে গ্রেপ্তার এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পত্নীতলা থানার উপপরিদর্শক আবদুল লতিফ জানান, এ ঘটনায় রাতেই নিহত ব্যক্তির স্ত্রী রেবিনা আখতার হত্যা মামলা করেন। পরে জালাল ও ফয়জুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনা: বৃহস্পতিবার সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন (৩০) ভাড়ার উদ্দেশ্যে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে ঈশ্বরদী পৌর এলাকার শৈলবাড়ী মহল্লার নিজ বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে সুজানগরের আমিনপুর থানার কদি-মালঞ্চি বিল এলাকা থেকে মোয়াজ্জেমের গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, ওই গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে। ওই গাড়ি ও ঘাতকদের ধরতে অভিযান চলছে।
গাইবান্ধা: বৃহস্পতিবার রাতের খাবার শেষে পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের হাবিব মিয়া (১৫) নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে ঘরে তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে এলাকাবাসী সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের একটি গাছে হাবিবের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাবিব ওই গ্রামের আবদুস সামাদের ছেলে।