তিন জেলায় পুলিশ-শিবির সংঘর্ষ
বগুড়া, রাজশাহী ও সিলেটে গতকাল শনিবার পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন গাড়িচালক রাবার বুলেট বিদ্ধ হওয়াসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। ছয়জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আহত শিবির নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির।
বগুড়া: সকালে শহরের স্টেশন সড়কের বিআরটিসি বাসডিপো ও প্রেসক্লাবের মাঝামাঝি এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে অন্তত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ সাতটি ফাঁকা গুলি ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শমিমুর ইসলাম এবং শিবির কর্মী রেজাউল করিম, শরিফুল ইসলাম, কায়েস মাহমুদ ও মুশফিকুর রহমানকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমান বলেন, ঝটিকা মিছিলের জন্য শিবির কর্মীরা সেখানে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সেখানে গেলে শিবির কর্মীরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল হামলা করে। এ সময় ওই পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।
রাজশাহী: নিউ মার্কেটের সামনে থেকে বেলা দুইটার দিকে ঝটিকা মিছিল বের করে শিবির। অলোকার মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে তাদের ছাত্রভঙ্গ করার চেষ্টা করে। শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে এ সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।
নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নুর হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট: বেলা সাড়ে ১১টার দিকে একদল শিবির কর্মী পূর্ব দরগাগেট এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ধাওয়া দিলে শিবির কর্মীরা ইটপাটকেল ছোড়ে। এ সময় শটগানের অন্তত ১৫টি গুলি ছোড়ে পুলিশ। রুবেল আহমদ (৩০) নামের একজন গাড়িচালক রাবার বুলেট বিদ্ধ হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেলের বাড়ি শহরতলির পীরেরবাজার। তিনি পুলিশের রিকুইজিশন করা গাড়ির চালক বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও সিলেট এবং বগুড়া প্রতিনিধি}