তিন জেলা থেকে ৬০ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিন জেলা থেকে ৬০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাঁদের আটক ও গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নরসিংদী থেকে বিএনপির নয়জন, মাগুরা থেকে বিএনপি-জামায়াতের ১১ জনসহ ২৪ জন এবং সাতক্ষীরা থেকে জামায়াতের ২৭ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী
নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ও আজ ভোরে ওই নেতা-কর্মীদের আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

মাগুরা
মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুদর্শন রায় প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত চালানো অভিযানে জেলার বিভিন্ন জায়গা থেকে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিএনপি-জামায়াতের ১১ জন নেতা-কর্মী রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পুরোনো মামলা রয়েছে।

সাতক্ষীরা
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ২৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা আছে। হরতালে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।