তিন জেলায় ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের কয়রা এলাকা থেকে গতকাল বুধবার সাতটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এবং সাতক্ষীরার কালীগঞ্জের একটি বাড়ি থেকে আরও তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের এক নেতাকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মংলা (বাগেরহাট): র‌্যাব-৬-এর অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মাহফুজ জানান, গতকাল সকাল থেকে পশ্চিম সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান শুরু করেন র‌্যাবের সদস্যরা। অভিযানের একপর্যায়ে বনের গহিনে দস্যুদের একটি আস্তানার সন্ধান পান তাঁরা। সেখানে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি কাটা রাইফেল, একটি পিস্তল, দুটি পাইপগানসহ বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
সাতক্ষীরা: জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে দুটি বন্দুক, একটি শাটারগান ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে নয়টায় উপজেলার কাশিবাটি কাজলা গ্রামের লিটন হোসেনের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লিটনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের ভেতর থেকে পুলিশ দুটি বন্দুক, একটি শাটারগান ও ছয়টি গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানার সহকারী পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রাম থেকে মঙ্গলবার রাতে মো. লিটন (৩৫) নামের ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। লিটন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও র‌্যাব জানায়, র‌্যাব-৮-এর কমান্ডার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গোসিংগা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ লিটনকে গ্রেপ্তার করে। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।