তিন জেলায় অভিযান, ছয় ডাকাত গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী বাজারের নৈশপ্রহরী সোনা মিয়াকে (৫০) হত্যার এক মাস পর পুলিশ গত বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলো: গাইবান্ধার সাঘাটা উপজেলার ছাটকালপানি গ্রামের সুজন মিয়া (২৬) ও কালাম সরকার (২৫); দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শফিকুল ইসলাম (৩৪), সাজেদুল ইসলাম ওরফে সাইফুল (৩০) ও তোফাজ্জল হোসেন ওরফে কালু (৩১) এবং শিবগঞ্জ উপজেলার বরিয়ারহাটের সোনা মিয়া (৩০)। সোনা মিয়া ডাকাত দলের সরদার।
গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই ছয়জনকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি করা হয়। এ সময় তারা স্বীকার করে, নৈশপ্রহরী সোনা মিয়া তাদের দলনেতাকে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। এরপর লাশ গুম করতেই হাত-পা বেঁধে তাঁকে পুকুরে ফেলা হয়।
গত ২ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আবদুল মতিনের বাড়িতে ডাকাতি করে ফেরার পথে দেউলী বাজারের নৈশপ্রহরী সোনা মিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর পরনের লুঙ্গি দিয়ে হাত-পা বেঁধে লাশ পুকুরে ফেলা হয়। পুলিশ পরদিন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ডাকাতির মালামাল ভাগাভাগি করে নিলেও একটি মুঠোফোন কাল হয়ে দাঁড়ায়। মুঠোফোনটি সুজন মিয়ার ভাগে পড়ে। এই মুঠোফোনটি সে কয়েক দিন ব্যবহারও করে। এর সূত্র ধরেই বৃহস্পতিবার প্রথম সাঘাটায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রাম থেকে কালাম সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের সহায়তায় পার্বতীপুর এবং ঢাকার সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়।’
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ছয়জনই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।