তিন জেলায় অভিযানে গ্রেপ্তার ২৯ জন
সারা দেশে পুলিশ ও যৌথ বাহিনীর ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত তিন জেলায় পরিচালিত অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বাকি ২৪ জন বিভিন্ন মামলার আসামি। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার ভিতরবন্দ বাজারের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোক্তার হোসেনকে পুলিশ গতকাল দুপুরে কয়ড়া বাজার থেকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।