তিন জেলায় কিশোরীসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার, নেত্রকোনার খালিয়াজুড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কিশোরীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।
দেবীদ্বার থেকে উদ্ধার করা লাশটি তাহমিনা আক্তারের (১৬)। সে পরমতলা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। খালিয়াজুড়ী থেকে একিন আলি (৩২) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর গ্রামে। বাঞ্ছারামপুর থেকে উদ্ধার করা লাশটি রিপন মিয়ার (৩৫)। তিনি রূপসদী গ্রামের বাসিন্দা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলার দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাহমিনা আক্তার নিখোঁজ হয়। স্বজনেরা খুঁজে না পেয়ে দেবীদ্বার থানায় অভিযোগ করে। গতকাল বেলা দুইটার দিকে এক কৃষক জাফরাবাদ এলাকার ডোবার কচুরিপানার স্তূপের মধ্যে ওই কিশোরীর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে এলাকাবাসীকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নেত্রকোনা: এলাকাবাসী ও পুলিশ জানায়, খালিয়াজুড়ীর লেপসিয়া বাজারঘাট থেকে মালবোঝাই একটি কার্গো গত বৃহস্পতিবার ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে। পথে ধনু নদীর নাওটানা ঘাটের কাছে কার্গোটি আটকে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি কার্গো এটিকে ধাক্কা দিলে একিন আলী ছিটকে পানিতে পড়ে নিখোঁজ হন। গতকাল সকাল সাতটার দিকে রসুলপুর গ্রামের সামনে স্থানীয় লোকজন নদীতে মৃতদেহ ভাসতে দেখে লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পুলিশ সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে।
লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বজলুর রহমান সিদ্দিকী বলেন, লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে ভেলানগর গ্রামের তালতলা বাজারের পশ্চিম পাশে জমির গর্তে মানুষের হাত দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর থানার এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশ গর্ত খুঁড়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কামরুজ্জামান তালুকদার বলেন, গায়ের চিহ্ন, পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁর পরিবার লাশ শনাক্ত করেছে। মামলার প্রস্তুতি চলছে।